খান পরিবারে যেন অঘটন লেগেই রয়েছে। ইদের আগে বাড়ি ফিরেছেন বাড়ির কর্তা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। এ বছরের ইদ তাই বিশেষ ছিল সলমন খান এবং তাঁর পরিবারের সকলের কাছে। খবর, এ বার আহত আরবাজ় খান! বুধবার তাঁকে স্লিং ব্যাগে হাত ঝুলিয়ে হাসপাতাল থেকে বেরোতে দেখা গিয়েছে।
বলিউডের ছবিশিকারিদের তোলা একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, একটি হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন আরবাজ়। সঙ্গে পুত্র আরহান, স্ত্রী সুরা খান। প্রথমে এক নজরে বোঝা যায়নি, তিনি আহত। মনে হচ্ছিল, তিনি অন্যদের সঙ্গে হয়তো হাসপাতালে এসেছিলেন। ছবিশিকারিরা এগিয়ে আসতেই তড়িঘড়ি আরবাজ় গাড়িতে গিয়ে ওঠেন। তখনই ক্যামেরায় ধরা পড়ে, তাঁর বাঁ হাত স্লিং ব্যাগে ঝোলানো! এর থেকেই বোঝা যায়, প্রযোজক-অভিনেতা আহত। তবে কী ভাবে আঘাত পেয়েছেন তিনি, সে খবর এখনও জানা যায়নি।
বারেবারে প্রাণনাশের হুমকি সলমনকে। কৃষ্ণসার হরিণহত্যার কারণে অন্ধকার দুনিয়ার ডন লরেন্স বিশ্নোইয়ের নিশানায় তিনি। নিশানায় তাঁর পরিবারও। তাই পারিবারিক কোনও ঘটনা প্রকাশ্যে আসতে দিতে রাজি নন খান পরিবারের সদস্যরা। যেমন, মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে যখন হাসপাতালে ভর্তি ছিলেন সেলিম খান, তখনও তাঁর স্বাস্থ্যের খবরাখবর প্রকাশ্যে আসায় তীব্র আপত্তি জানিয়েছিল খান পরিবার। যুক্তি, পরিবার যদি মনে করে তা হলে সেই খবর জানানো হবে। আরবাজ়ের ক্ষেত্রেও কি সেই ধারাই মানা হবে?
হাসপাতালে আরবাজ় খান।
সাধারণত, অপেক্ষমান ছবিশিকারিদের কখনও নিরাশ করেন না আরবাজ়। সুরা ছবি না তুললেও তিনি তাঁদের ক্যামেরার মুখোমুখি হন। এ দিন তাঁর তড়িঘড়ি প্রস্থান কিন্তু খবর প্রকাশ্যে না আসতে দেওয়ার পারিবারিক ধারাকেই যেন মান্যতা দিল।