‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক শেষ হওয়ার পরে সে ভাবে দেখা যায়নি অভিনেত্রীকে। বহু দিন পরে ছোটপর্দায় ফিরলেন শ্বেতা ভট্টাচার্য। তবে এ বার অন্য ভূমিকায়। ‘দিদি নম্বর ১’ সঞ্চালনা করতে দেখা গেল তাঁকে? রাতারাতি বদলে গেলেন এই অনুষ্ঠানের সঞ্চালিকা? আগামী দিনে কি সঞ্চালিকা হিসাবে দেখা যাবে স্বেতাকে?
অভিনেত্রী শ্বেতা জানালেন, এই সব নিয়ে খুব একটা বেশি কিছু ভাবেননি। তবে খুবই অল্প দিনের জন্য সঞ্চালনা করেছেন তিনি। অভিনেত্রী বলেন, “খুবই ভয় করছিল। রচনাদি (বন্দ্যোপাধ্যায়) তিন দিনের জন্য বাইরে গিয়েছিলেন বলে আমাকে সঞ্চালনার কথা বলা হয়েছিল। কিন্তু দিদি যে ভাবে ওই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই অভিজ্ঞতা তো আমার নেই। হঠাৎ করেই আমাকে বলা হল। তাই ভাবলাম একটা অভিজ্ঞতা হবে। সেই ভেবে ‘হ্যাঁ’ করলাম।”
তবে আগামী দিনে নিজেকে সঞ্চালিকা হিসাবে দেখতে চান কি না সেটা এখনও ভাবেননি অভিনেত্রী। নতুন কাজের বিষয়েও এখনও কিছু চূড়ান্ত হয়নি। বরং মন দিয়ে সংসার করছেন এখন। বিয়ের পরে স্বামী রুবেল দাস ব্যস্ত হয়ে পড়েছিলেন ধারাবাহিক নিয়ে। ফলে তাঁদের ঘুরতে যাওয়াও হয়নি। এখন তাঁরা সেই সব পরিকল্পনাতেই মন দিতে চান।