কুইজ় শো ‘দাদাগিরি’ তাঁর হাত দিয়ে শুরু। ছোটপর্দায় ‘সঞ্চালক’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রথম পরিচালনা করেছিলেন তিনি। শুভঙ্কর চট্টোপাধ্যায়। সান বাংলা চ্যানেলে তাঁর রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ হিট। গুঞ্জন, আবার ‘দাদাগিরি’র হাল ধরতে নাকি তাঁকেই ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে!
‘সঞ্চালক’ সৌরভের যাত্রা শুরু জ়ি বাংলা দিয়ে। শুভঙ্করের পরে তাঁকে পরিচালনা করেন আর এক জনপ্রিয় পরিচালক অভিজিৎ সেন। গুঞ্জন, অভিজিতের বদলে রিয়্যালিটি শো পরিচালনা করবেন নাকি শুভঙ্কর! অন্য দিকে, সৌরভকে আগামী দিনে স্টার জলসার ‘বিগ বস বাংলা’র সঞ্চালক হিসাবে দেখা যাবে। দিন দুই ধরে শোনা যাচ্ছে, সৌরভের ছেড়ে আসা ‘দাদাগিরি’র জুতোয় সম্ভবত দেব পা গলাতে পারেন। যদিও চ্যানেল কর্তৃপক্ষ আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, এখনও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্য দিকে, স্টার জলসাতেও ‘দাদাগিরি’র আদলে আরও একটি রিয়্যালিটি শো হতে চলেছে। সেই অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন সৌরভ।
তা হলে কোন চ্যানেলের ‘দাদাগিরি’ সামলানোর দায়িত্ব আসতে চলেছে শুভঙ্করের কাঁধে? পরিচালকের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল আনন্দবাজার ডট কম।
গুঞ্জন যে এ রকম ছড়িয়েছে, সে কথা অস্বীকার করেননি শুভঙ্কর। জানিয়েছেন, খবরের সত্যতা জানতে চেয়ে ইতিমধ্যেই তাঁর কাছে একাধিক সংবাদমাধ্যমের ফোন এসেছে। পরিচালকের কথায়, “আমার কাছে এখনও কোনও চ্যানেল কর্তৃপক্ষের ফোন আসেনি। ফলে, এ রকম কিছু আদৌ ঘটবে কি না, সে বিষয়ে কোনও আন্দাজ নেই।” পরিচালক এই মুহূর্তে ব্যস্ত ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিয়ে। সে কথা জানিয়ে তাঁর দাবি, “জনপ্রিয় শো-টির রোজ সম্প্রচার। ফলে, আমাদের উপরে প্রচণ্ড চাপ। সেই চাপ সামলে আর একটি রিয়্যালিটি শো-এর দায়িত্ব নিতে পারব কি না, জানি না।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, ‘দাদাগিরি’ ছাড়াও ‘মীরাক্কেল’, ‘ডান্স বাংলা ডান্স’, ‘অপুর সংসার’, ‘সুপার সিঙ্গার জুনিয়র’, ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শো-এর পরিচালক শুভঙ্কর। তিনি ছোটপর্দায় পরিচালনা করেছেন মিঠুন চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়, জিৎ এবং দেবকে। ‘দাদাগিরি’ ফের দায়িত্বে এলে কোন চ্যানেলে পরিচালনা করবেন? সৌরভ না দেব— কাকে ক্যামেরায় ধরতে চান তিনি? শুভঙ্করের স্পষ্ট জবাব, “এই মুহূর্তে যে রিয়্যালিটি শো পরিচালনা করছি, তার বাইরে আর কিছু ভাবছি না।”
টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, সম্ভবত স্টার জলসাতেই ‘দাদাগিরি’র নতুন রূপ নাকি আসতে চলেছে শুভঙ্করের হাত ধরে। খবর সত্যি হলে, আরও একবার ছোটপর্দা মাতাবেন সৌরভ-শুভঙ্কর।