Advertisement
E-Paper

গাউন বিভ্রাট পিছু ছাড়ে না জাহ্নবীর! রেড কার্পেটে হাঁটতে গিয়ে আবার অপ্রস্তুত নায়িকা

রেড কার্পেটে ডাক এ বারও। কাঁধখোলা আঁটসাঁট কালো গাউনের জমিতে নানা রঙের সুতোর কাজ ঝলসে উঠছিল। তবে হাঁটতে গিয়েই বিপত্তি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ১৯:২৯
Janhvi Kapoor Has Major Oops Moment in Skintight Gown on Red Carpet

আঁটসাঁট পোশাক নিয়ে অস্বস্তিতে জাহ্নবী। ছবি: সংগৃহীত।

চোখ ধাঁধানো গাউনে প্রায়ই নজর কাড়েন জাহ্নবী কপূর। তবে পোশাক বিভ্রাটও যেন তাঁর পিছু ছাড়ে না। কিছু দিন আগেই এক অনুষ্ঠানে মঞ্চে ওঠার পাঁচ মিনিট আগে গাউনের চেন কেটে গিয়েছিল শ্রীদেবী-কন্যার। তার পর আবার এক ঝকঝকে গাউন নিয়ে যুদ্ধ করতে দেখা গেল ‘মিলি’ (২০২২)-র নায়িকাকে। রেড কার্পেটে হাঁটছিলেন এ বারও। কাঁধখোলা আঁটসাঁট কালো গাউনের জমিতে নানা রঙের সুতোর কাজ ঝলসে উঠছিল। তবে হাঁটতে গিয়েই বিপত্তি। গাউনের পিছনে যে দীর্ঘ বস্ত্রের সংযোজন, তাতেই পা জড়িয়ে আটকে পড়ছিলেন জাহ্নবী। পায়ে আবার হাইহিল। কোনও মতে দাঁড়াতেই সাজশিল্পী এসে পিছন থেকে পোশাক ঠিক করে দিয়ে যান। সেই ভিডিয়ো ভাইরাল হয় নেটদুনিয়ায়।

অনেকেই মন্তব্য করেন, “এমন পোশাক পরার প্রয়োজন কী?” আবার কেউ লেখেন, “শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া!” তবে অপ্রস্তুত জাহ্নবীর পাশে এসে দাঁড়িয়ে পড়েন ওরহান অবত্রমানী। বলিপাড়ায় তিনি খুবই পরিচিত মুখ। কাজল-কন্যা নায়সা থেকে শুরু করে নবীন প্রজন্মের প্রায় সব তারকা-কন্যারই বন্ধু তিনি। জাহ্নবীর সঙ্গেও পোজ দিয়ে তিনি বলেন, “আমার প্রিয় বন্ধু ও।” জাহ্নবীর মুখেও হাসি দেখা যায়।

কিছু দিন আগে আর এক অনুষ্ঠানে জাহ্নবী অপ্রস্তুত অবস্থায় পড়েছিলেন। গাউনের চেন নতুন করে সেলাই করার পরও আবার কেটে যায়! মুম্বইয়ে অনুষ্ঠিত এক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটার আগে ভীষণ বিপদে পড়েছিলেন শ্রীদেবী-কন্যা। এ দিকে মঞ্চে ডাক তো পড়লই! কী করলেন শেষমেশ? ইনস্টাগ্রামে জাহ্নবীর ভাগ করে নেওয়া একগুচ্ছ ছবির একটিতে দেখা গিয়েছিল, এক জন পোশাকশিল্পী বসে জাহ্নবীর পোশাক সেলাই করছেন পিছন থেকে। আর একটি ছবিতে দেখা যায় ‘রুহি’-র নায়িকা জরি দেওয়া অন্য এক পোশাক পরে সিঁড়িতে বসে হাসছেন। সেই পোশাক পরেই শেষমেশ মঞ্চে পারফর্ম করতে ওঠেন জাহ্নবী।

জাহ্নবী গাউন নিয়ে যুদ্ধ করার ছবি পোস্ট করে লিখেছিলেন, “যখন রেড কার্পেটে হাঁটার ৫ মিনিট আগে এবং স্টেজে পারফর্ম করতে ওঠার ১২ মিনিট আগে তোমার গাউনের চেন কেটে যায়! ভাবো, সেই অবস্থা আর কী!”

বাবা বনি কপূর কিংবা শ্রীদেবীর কল্যাণে নয়, তারকাসন্তান হয়েও নিজের চেষ্টায় বলিউডে আত্মপ্রকাশ করেছেন জাহ্নবী। নিজেকে প্রমাণ করাটা প্রায় জেদের পর্যায়ে নিয়ে গিয়েছেন অভিনেত্রী। তিনি নিজেই এখন নিজের তুলনা।

‘মিলি’র পর তাঁকে দেখা যাবে ক্রিকেট ভিত্তিক ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে। ইতিমধ্যে তেলুগু ছবিতেও অভিনয় করে ফেলেছেন তিনি। ‘এনটিআর ৩০’ নামের সেই ছবির পোস্টার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এ ছাড়াও জাহ্নবীর হাতে রয়েছে ‘বাওয়াল’-সহ আরও একগুচ্ছ ছবির কাজ।

Jhanvi Kapoor Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy