Advertisement
E-Paper

আবার থমকে গেল ‘জি লে জ়রা’! তিন নায়িকার পর এ বার ব্যস্ত হয়ে পড়লেন ফারহান নিজেই

তিন নায়িকার পর ব্যস্ত হয়ে পড়লেন পরিচালক নিজেই। ‘ডন ৩’ পরিচালনার ভার নিতে পারেন ফারহান। ‘জি লে জ়রা’ কি আদৌ হবে? সে প্রসঙ্গ আপাতত কুয়াশায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ২১:৫৭
Jee Le Zaraa stalled again? Farhan Akhtar reportedly chooses Aamir Khan\\\\\\\\\\\\\\\'s Campeones remake

(বাঁ দিকে) ফারহান আখতার। আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কইফ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আবার পিছিয়ে গেল ‘জি লে জ়রা’-র কাজ। ১২ বছর পর এই ছবি দিয়ে পরিচালনায় ফিরতে চলেছিলেন ফারহান আখতার। কিন্তু আবার বাধা পড়ল। কারণ নাকি পরিচালক স্বয়ং! এত দিন নায়িকাদের সময় মিলছিল না, এ বার নিজেই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন ফারহান। তাঁর অভিনয়ের কথা চলছে আমির খানের প্রযোজনায়।

‘জি লে জ়রা’-র মূল আকর্ষণ তিন প্রথম সারির নায়িকা— আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কইফ। তাঁদের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এখানেই সমস্যা হচ্ছে প্রতি বার। তিন জনের শুটিংয়ের তারিখ কিছুতেই একসঙ্গে ফেলা যাচ্ছে না। তিন জনেই ব্যস্ততায় রয়েছেন। আলিয়া এখন কর্ণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র প্রচারে। সঙ্গে মুক্তি পাচ্ছে আলিয়ার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’। প্রিয়ঙ্কাও তাঁর হলিউড ছবি ‘হেড অফ স্টেট’-এর শুটিংয়ে ব্যস্ত। ক্যাটরিনা অন্য দিকে ‘টাইগার ৩’ এবং ‘মেরি ক্রিসমাস’-এর প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে ফারহানের ঝুলিতেও অন্য কাজ এসে পড়ল।

আবার অভিনয়ে ফিরছেন ফারহান? সূত্রের খবর, আমির খানের সঙ্গেই কথাবার্তা চলেছে তাঁর। অভিনয় থেকে বিরতি নেওয়ার পর আমির এখন মন দিয়েছেন প্রযোজনায়। তাঁর পরবর্তী পরিকল্পনা স্পেনের ক্রীড়ামূলক ছবি ‘ক্যাম্পেওনস’-এর রিমেক করা। ২০১৮ সালে ইংরেজিতেও মুক্তি পেয়েছিল সেই ছবি, যার নাম ‘চ্যাম্পিয়ন্স’।

শুরুতে মূল ভূমিকায় সলমন খানকেই নাকি ভেবেছিলেন আমির। তাঁর সময় না হওয়ায় ‘দিল চাহতা হ্যায়’-এর নায়ক ফারহানকেই প্রস্তাব দেন আমির। ফারহান আগ্রহ দেখান। যদিও চরিত্র এখনও চূড়ান্ত হয়নি। এই ছবির পর কি আবার ‘জি লে জ়রা’-তে মন দেবেন ফারহান?

তেমন সম্ভাবনাও কম। কারণ, কানাঘুষো শোনা যাচ্ছে, ‘ডন ৩’ পরিচালনার ভার নিতে পারেন ফারহান। ‘জি লে জ়রা’ কি আদৌ হবে? সে প্রসঙ্গ আপাতত কুয়াশায়।

Farhan Akhtar Jee Le Zaraa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy