সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ ছবিতে একটি গানে দেখা গিয়েছে নোরা ফতেহিকে। সেই ‘সরকে চুনর তেরি সরকে’ গান মুক্তি পেতেই ছিছিক্কার সমাজমাধ্যমে। অশালীন, কুরুচিকর বলে দাগিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নোরার নাচের ভঙ্গিমা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। নিষিদ্ধ করা হয়েছে এই গানটিকে। অনেকে অবশ্য দাবি করেছেন, বিতর্ক তৈরি করতে ইচ্ছাকৃতই এমন একটি গান তৈরি করেছিলেন পরিচালক। নোরাও মুখ খোলেন এই বিষয়ে। এ বার মুখ খুললেন ছবির পরিচালক প্রেম।
আরও পড়ুন:
গান নিয়ে প্রবল আলোচনার মাঝে প্রেম বললেন, “আমি কোনও বিতর্ক চাই না। আমার কাছে এটি একটি আবেগঘন ছবি। গানটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে মানুষ পার্টিতে এই গানের তালে নাচতে পারে। কর্নাটক ও কেরলে এটি বেশ সমাদৃত হয়েছে। আমি কেন বিতর্ক চাইব?” নোর নিজে জানিয়েছিলেন যে, তিনি শুটিংয়ের সময়েই গানের কথা জানতে চেয়েছিলেন নির্মাতাদের কাছে। তখন শুনে কোনও অসুবিধা মনে হয়নি তাঁর। কিন্তু গানটা হিন্দি ভাষায় মুক্তি পেতেই সমস্যাটা শুরু হল। নোরার যুক্তি, ‘‘আসলে হিন্দিতে যে শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা অত্যন্ত অসংযত ও কুরুচিকর। এটা যে হবে এমন কোনও ধারণা আমার ছিল না। ওরা কিন্তু এই প্রসঙ্গে আমার অনুমতি নেয়নি। এ ছাড়াও নির্মাতারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে আমার ও সঞ্জয়ের একটি ছবি বানান, যা নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছি।’’
পরিচালক প্রেম ব্যাখ্যা করেন, গানটি মূলত কন্নড় ভাষায় লেখা। সেটা থেকে হিন্দি সংস্করণটি তৈরি করেছিলেন গীতিকার রাকিব আলম। পরিচালক স্বীকার করে নেন যে, কিছু নির্দিষ্ট শব্দ পরবর্তীতে সমালোচনার জন্ম দেয় এবং সেই শব্দগুলো সম্পর্কে তিনি অবগত ছিলেন না। “মূল কন্নড় গানটিতে সবকিছু ঠিকঠাকই চলছিল। অনুবাদে ব্যবহৃত হিন্দি শব্দগুলো আমি বুঝিনি, কারণ আমি ওই ভাষায় সাবলীল নই।’’ প্রেম জানান, যেটা হয়েছে সেটা অনিচ্ছাকৃত ভুল।