Advertisement
E-Paper

জেলে বসে বন্দিদের দিয়ে কাহিনি লিখিয়েছিলেন সঞ্জয়! ‘খলনায়ক রিটার্নস’ তৈরির নেপথ্যে কোন গল্প?

সঞ্জয় জানান, তাঁর প্রযোজনা সংস্থা ‘থ্রি ডাইমেনশন মোশন পিকচার্স’ এবং প্রযোজক ‘অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট’ যৌথ ভাবে ছবিটির সিক্যুয়েলের স্বত্ব কিনে নিয়েছে পরিচালক সুভাষ ঘাই এবং তাঁর সংস্থা ‘মুক্তা আর্টস’-এর থেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৩:১৭
‘বল্লু’ হয়ে আবার বড়পর্দায় ফিরছেন সঞ্জয় দত্ত

‘বল্লু’ হয়ে আবার বড়পর্দায় ফিরছেন সঞ্জয় দত্ত ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম আলোচিত চরিত্র ‘বল্লু’। ১৯৯৩ সালে সঞ্জয় দত্ত অভিনীত ‘খলনায়ক’ ছবি নজর কেড়েছিল দর্শকের। সেই ছবিরই সিক্যুয়েল তৈরি হবে এ বার। এমনই ঘোষণা করেন সঞ্জয়। শুক্রবার, মুম্বইয়ের একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি।

সঞ্জয় জানান, তাঁর প্রযোজনা সংস্থা ‘থ্রি ডাইমেনশন মোশন পিকচার্স’ এবং প্রযোজক ‘অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট’ যৌথ ভাবে ছবিটির সিক্যুয়েলের স্বত্ব কিনে নিয়েছে পরিচালক সুভাষ ঘাই এবং তাঁর সংস্থা ‘মুক্তা আর্টস’-এর থেকে। এই ছবির প্রথম ভাগে দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিত এবং জ্যাকি শ্রফকে। খবর, সিক্যুয়েলের নাম দেওয়া হয়েছে ‘খলনায়ক রিটার্নস’। ইতিমধ্যেই নাকি তৈরি হয়ে গিয়েছে ছবির প্রথম প্রচার-ঝলকও।

এই প্রসঙ্গে সঞ্জয় বলেন, “‘খলনায়ক’-এর যাত্রা দীর্ঘ। সুভাষজি না থাকলে এটা সম্ভব হত না। তিনি একজন কিংবদন্তি। এই নতুন ছবিতেও তিনি আমাদের সঙ্গে থাকবেন।” এই সিক্যুয়েলের ভাবনা কী ভাবে এল? সেই কথাও ভাগ করে নেন অভিনেতা। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় কারাবাসের সময়েই তাঁর মাথায় এই ধারণা আসে। সঞ্জয়ের কথায়, “জেলে আমি প্রায় ৪,০০০ বন্দিকে জিজ্ঞেস করেছিলাম ,তাঁরা এই ছবির সিক্যুয়েল দেখতে চাইবেন কি না। সবাই রাজি হয়েছিলেন। আমি তাঁদের প্রত্যেককে এক পৃষ্ঠা করে গল্প লিখতে বলি। পরে সবগুলো পড়ে সুভাষজিকে দেখাই, তখনই তিনি বলেন—এই ছবি বানানো উচিত।”

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভাষ ঘাইও। এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “এটা সঞ্জয় এবং মান্যতার আন্তরিক ইচ্ছা ও আবেগের ফল। আমি নিশ্চিত, এটি আরও ভাল কিছু হবে। আমি সবসময় সাহায্যের জন্য আছি।”

যদিও নির্মাতারা এখনও স্পষ্ট করেননি ‘খলনায়ক রিটার্নস’ ঠিক কী ধরনের ছবি হবে—সরাসরি সিক্যুয়েল হবে, নাকি নতুন ভাবে কল্পনা করা হবে গল্প। ছবির চিত্রনাট্য এখনও তৈরি হয়নি।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy