‘রোজা’ (১৯৯২)-এ দর্শকের মন ছুঁয়েছিলেন অভিনেত্রী মধু। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ছবিতে সমানতালে কাজ করে গিয়েছেন তিনি। বলিউডকে উপহার দিয়েছেন ‘ফুল অউর কাঁটে’, ‘জেন্টলম্যান’- এর মতো ছবিও।
অনেকেরই জানা নেই, জনপ্রিয় ছবি ‘বাজিগর’-এ শাহরুখ খানের বান্ধবীর চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। করেননি মধু। সেই চরিত্রে শেষমেশ অভিনয় করেন শিল্পা শেট্টি। তাতে কি আফসোস রয়ে গিয়েছে মধুর?
এ কথা কারও জানতে বাকি নেই যে, শাহরুখের দারুণ ভক্ত ছিলেন মধু। তাঁর কাছে শাহরুখ ‘ভগবান’। অভিনেত্রী এক বার বলেছিলেন, “শাহরুখ যত খারাপই অভিনয় করুন, বক্স অফিসে যতই ব্যর্থ হোক তাঁর ছবি, তার পরও তিনি ঈশ্বর।”
যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে মধু জানান, ‘বাজিগর’ ছবিটির প্রস্তাব ছেড়ে দেওয়ার জন্য কোনও আক্ষেপ নেই তাঁর। তখন তিনি অনেকগুলো কাজে ব্যস্ত ছিলেন। তাঁর কথায়, “জীবনের কোনও অভিজ্ঞতাই আমি মুছে ফেলতে চাই না।’’
অকপটে বলেন অভিনেত্রী, পর্দায় শাহরুখই ছিলেন তাঁর অন্যতম ‘ক্রাশ’।
১৯৯১ সালে তামিল ছবি ‘আজহাগন’ দিয়ে অভিনয় শুরু করেন মধু। ওই একই বছরে অজয় দেবগনের সঙ্গে ‘ফুল অউর কাঁটে’ ছবিতে অভিনয় করেন তিনি। গত বছর নভেম্বর মাসে মধুকে দেখা গিয়েছে কন্নড় ছবি ‘রায়মো’-তে। ঈশান এবং আশিকা রঙ্গনাথাও ছিলেন সেই ছবিতে।