পরিচালক রোহিত শেট্টীর বাড়িতে গুলিকাণ্ডের পরে হুমকিবার্তা পেয়েছেন অভিনেতা রণবীর সিংহ। মঙ্গলবার এই ঘটনার পরেই তদন্তে নেমেছে পুলিশ। অভিনেতার জন্য ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। খবর, সেখানেই নাকি আপত্তি আবাসন কর্তৃপক্ষের।
সংবাদসূত্রে খবর, ওরলির এক অভিজাত আবাসনে থাকেন রণবীর ও দীপিকা পাড়ুকোন। সেখানে অভিনেতার জন্য ছ’জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও একজন পুলিশের উর্দিধারী আধিকারিককে মোতায়েন করা হয়েছে। প্রত্যেকের সঙ্গেই রয়েছে আগ্নেয়াস্ত্র। তাতেই বিরক্ত আবাসনের প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, আবাসনের অন্দরে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মোতায়েন করলে বাকি আবাসিকদের দৈনন্দিন জীবনে তা প্রভাব ফেলতে পারে। যেমন, আবাসনের ভিতরে জিম, শিশুদের খেলাধুলোর জায়গা রয়েছে। করিডর দিয়ে আবাসিকরা চলাফেরা করেন। সেই জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়ে থাকলে আবাসিকদের অসুবিধা হতে পারে। তারকার পড়শিরা নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন:
এই মর্মে আবাসন কর্তৃপক্ষ দাদর থানায় একটি চিঠি দিয়েছেন। সেখানে তাঁরা জানতে চেয়েছেন, প্রশাসনই কি এই নিরাপত্তা বাড়িয়েছে? না কি অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এঁরা? নিরাপত্তারক্ষীরা লাইসেন্স্ড আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন কি না, সেটাও ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে। খবর, আবাসিকদের দুশ্চিন্তা দূর করতে ইতিমধ্যেই দাদর থানা থেকে দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিককে আবাসনে পাঠানো হয়েছে।