প্রেক্ষাগৃহে দর্শক নেই। এই অভিযোগে বন্ধ বিনোদিনী থিয়েটার (সাবেক স্টার), প্রিয়া সিনেমাহল। খবর, একই পথে হেঁটে বন্ধ দক্ষিণ কলকাতার আরও একটি প্রথম সারির প্রেক্ষাগৃহ, নবীনা।
বৃহস্পতিবার নিয়ে তিন দিন ধরে বন্ধ উত্তর কলকাতার ঐতিহ্যপূর্ণ প্রেক্ষাগৃহ বিনোদিনী থিয়েটার। বুধবার থেকে বন্ধ প্রিয়া। একই সময়ে নবীনা হলও বন্ধ থাকায় নড়ে বসেছে টলিউড।
সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম তাই যোগাযোগ করেছিল নবীনার মালিক নবীন চৌখানির সঙ্গে। তিনি অবশ্য দাবি করেছেন, "প্রেক্ষাগৃহের রক্ষণাবেক্ষণের জন্যই বন্ধ রেখেছি হল।" পাশাপাশি এ-ও জানিয়েছেন, শুধুই বাংলা ছবি নয়, ভাল চলছে না হিন্দি ছবিও।
আরও পড়ুন:
শুক্রবার নতুন হিন্দি এবং বাংলা ছবি মুক্তি পাচ্ছে। ওই দিন থেকে ফের খুলছে বিনোদিনী এবং প্রিয়া হল। বিনোদিনী সিনেমাহলের মালিক জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, "দুটো নতুন ছবি মুক্তি পাচ্ছে, 'প্রোমোটার বৌদি' আর 'পয়লা বৈশাখ'। এই দু'টি ছবির সঙ্গে 'প্রজাপতি ২' চালানো হবে।" অন্য দিকে, প্রিয়াতে চলবে 'কেরালা স্টোরি ২' এবং 'মর্দানি ৩'।
এ দিকে টলিপাড়ায় নতুন গুঞ্জন, রক্ষণাবেক্ষণের কারণেই নাকি বন্ধ বিনোদিনী, প্রিয়াও! প্রিয়া সিনেমাহলের মালিক অরিজিৎ দত্ত অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। স্পষ্ট বলেছেন, "দিনে ১০ হাজারেরও কম রোজগার। তার মধ্যে ৫০ শতাংশ পরিবেশককে দিতে হয়। বাকি টাকার অনেকটাই চলে যায় বিদ্যুৎ খরচে। এ ছাড়াও রয়েছে প্রজেকশন খরচা, কর্মীদের মাইনে।" তাঁর পাল্টা প্রশ্ন, "এই উপার্জনে হল সারানো যায়?" এ-ও জানিয়েছেন, তাঁর হল যথেষ্ট ভাল আছে। এখনই রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই।