অভিনয় থেকে দূরে থেকেছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নবেলী নন্দ। সফল উদ্যোগপতি হওয়াই তাঁর লক্ষ্য। তাই অমিতাভ-জয়া বচ্চনের নাতনি হয়েও, রুপোলি জগৎ থেকে দূরত্ব বজায় রেখেছেন তিনি। নব্যা আইআইএম (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট) অহমদাবাদের ছাত্রী। সেখান থেকেই এমবিএ করেছেন। অভিনয়ের প্রস্তাব পেয়েছেন একাধিক, তবু নিজেকে বড়পর্দায় দেখার বাসনা জাগেনি কখনও। নিজেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাথা হিসাবে দেখতে চান তিনি। তাঁর জীবনের সিদ্ধান্ত নিতে তাঁকে নাকি সাহায্য করেন দিদিমা।
আরও পড়ুন:
নব্যাকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি অভিনয়ে আসতে চান না। তিনি উত্তর দিয়েছিলেন, “আমার আগ্রহ নেই। যদিও যে কোনও হিন্দি গানের নাচের স্টেপ আমার মুখস্থ।” নব্যা জানিয়েছিলেন, শৈশব থেকেই তাঁর ব্যবসার দিকেই ঝোঁক বেশি। তাঁর কথায়, “বাবা কাজ থেকে ফিরলেই আমি অফিসের কথা জিজ্ঞেস করতাম। আমার ওই দিকেই উৎসাহ। অভিনয় পেশার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, কখনও অভিনেত্রী হতে চাই না। যে বিষয়ে আমি ১০০ শতাংশ আগ্রহী নই, সেই কাজটাই করা অনুচিত। এই শিক্ষাই আমার বাবা-মা দিয়েছেন। আমি সেটাই মেনে চলছি।”
শুধুই কি মা-বাবার শিক্ষা? না, নব্যা জানিয়েছেন দিদিমার পরামর্শই তাঁর জীবনের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেছে। নব্যার কথায়, ‘‘সমাজ আমাদের কাছ থেকে কী আশা করে সেটা ভাবতে শুরু করলে, আমরা নিজেদের কাছ থেকে কী চাই, সেটাই ভুলে যাব। আমি মনে করি, ক্ষমতায়নের অর্থও এটাই। নিজের শর্তে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা।’’ এই শিক্ষাই তিনি দিদিমার থেকেও পেয়েছেন। নব্যা এ-ও মানেন, তরুণ প্রজন্মের অনেকেই হয়তো সেই সিদ্ধান্ত নিতে পারার থেকে বিচ্যুত হচ্ছেন। নব্যার ধারণা, সমাজমাধ্যম যুবসমাজের উপরে বাড়তি চাপ সৃষ্টি করছে।