Advertisement
E-Paper

নোরার বিতর্কিত নাচ নিষিদ্ধ, শিল্পীর স্বাধীনতা ‘সীমাহীন’ হতে পারে না, সংসদে মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

এ বার সংসদে উঠল নোরার এই নাচের প্রসঙ্গ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিষিদ্ধ ঘোষণা করলেন এই গানটিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৫:৫৭
নিষিদ্ধ নোরা ও সঞ্জয়ের নাচ।

নিষিদ্ধ নোরা ও সঞ্জয়ের নাচ। ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরেই বিতর্কটা চলছিল। শেষপর্যন্ত ‘অশালীনতা’র অভিযোগে নিষিদ্ধ হয়ে গেল সঞ্জয় দত্ত-নোরা ফতেহির ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি। সঞ্জয় দত্ত অভিনীত কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ নোরার ‘আইটেম’ নাচের সঙ্গে রয়েছে গানটি। গানের দৃশ্যে তাঁকে সঙ্গ দিয়েছেন সঞ্জয়ও। আগামী ৩০ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবির এই গানটির ঝলক দিনকয়েক আগে মুক্তি পেতেই ছিছিক্কার সমাজমাধ্যমে। গানটিকে ‘অশালীন’, ‘যৌন ইঙ্গিতমূলক’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে সমাজমাধ্যমে। বিতর্কের মুখে সোমবারই এই গানটিকে সরিয়ে নেওয়া হয় সমাজমাধ্যম থেকে। এর পর গানের কথা ও নাচের ভঙ্গিমা নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা রনৌতও। তিনিও গানটি নিষিদ্ধ করার দাবি তোলেন। প্রশ্নের মুখে দাঁড় করানো হয় এই গানের গীতিকার রাকিব আলমকেও। সব মিলিয়ে বিতর্কের জেরে বুধবার সংসদেও ওঠে এই নাচের প্রসঙ্গ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ দিন সংসদে দাঁড়িয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেন গানটিকে।

মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় এ দিন বলেন, ‘‘এই ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিষিদ্ধ করা হল। শিল্পীর বাক্‌স্বাধীনতার মধ্যেও কিছু যুক্তিসঙ্গত সীমারেখা আছে, সেটা মাথায় রেখেই সব কিছু নিয়ন্ত্রণ করা আবশ্যক।’’ তিনি আরও বলেন, ‘‘বাক্‌স্বাধীনতা মানেই সীমাহীন মতামত প্রকাশ নয়। এটা সমাজ ও সংস্কৃতির প্রাসঙ্গিকতা হারাচ্ছে কি না সেটাও মাথায় রাখা উচিত।’’ উল্লেখ্য, বিতর্কিত এই গানটি নিয়ে সমাজবাদী পার্টির সদস্য আনন্দ ভাদৌরিয়ার তোলা এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অশ্বিনী।

গানের দৃশ্যটিতে দেখা যাচ্ছিল, একটি বার-এ নাচছেন নোরা। তাঁর চারপাশ জুড়ে নাচছেন একদল পুরুষ। নাচের ‘হুক স্টেপ’ নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বার বার নিজের শাড়ির আঁচল ইচ্ছে করে সরিয়ে ফেলছেন নোরা। একজন মহিলাকে এই ভাবে তুলে ধরার কী কারণ থাকতে পারে? সেই প্রশ্ন তোলেন নেটাগরিক। গানের প্রথম দিকের কথাগুলির মধ্যেও যৌনমিলনের ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

তবে এরই মধ্যে মঙ্গলবার এই ছবির পরিচালকের স্ত্রী রক্ষিতা বলেন, ‘‘যখন একটা গোটা ছবি যৌনসঙ্গম নিয়ে তৈরি হয় তখন কিছু সমস্যা হয় না। এ দিকে একটা গানে কিছু ইঙ্গিতপূর্ণ সংলাপ থাকলে এত বড় সমস্যা হয়ে যায়!’’ ‘কেডি: দ্য ডেভিল’ ছবিতে অভিনয় করেছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত, শিল্পা শেট্টী, রীশমা নানাইয়া।

Nora Fatehi Sanjay Dutt KD Banned Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy