Advertisement
E-Paper

পোশাকের জন্য তরুণীকে ‘চরিত্রহীনা’ তকমা, নীতিপুলিশি করলেন অন্য এক মহিলাই! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল ভিডিয়োয় ওই তরুণী দাবি করেছেন, তিনি তাঁর কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে স্কুটি করে বাজারে গিয়েছিলেন। তখনই এক প্রৌঢ়া তাঁকে তাঁর পোশাক নিয়ে অপমানজনক মন্তব্য করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৯:০৪
Video shows woman faces moral policing by another woman for dress in Assam

ছবি: ইনস্টাগ্রাম।

স্বাভাবিক পোশাকেই বাজারে বেরিয়েছিলেন তরুণী। সেই পোশাকের জন্যই প্রকাশ্যে হেনস্থার শিকার হতে হল তাঁকে। তরুণীর পোশাকের জন্য তাঁকে হেনস্থা এবং নীতিপুলিশি যিনি করলেন, তিনিও এক জন মহিলা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই এবং আলোড়নও ফেলেছে সমাজমাধ্যমে। জানা গিয়েছে, ঘটনাটি অসমের তেজপুরের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল ভিডিয়োয় ওই তরুণী দাবি করেছেন, তিনি তাঁর কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে স্কুটি করে বাজারে গিয়েছিলেন। তখনই এক প্রৌঢ়া তাঁকে তাঁর পোশাক নিয়ে অপমানজনক মন্তব্য করেন। ‘চরিত্রহীনা’ বলা হয় তাঁকে। তরুণী এ-ও দাবি করেছেন ওই মহিলা তাঁকে বলেছিলেন যে, তাঁর মতো পোশাক পরা মেয়েদের ‘সমাজে থাকা উচিত নয়’। ভিডিয়োয় তরুণীকে বলতে শোনা যায়, ‘‘আমি নিজের প্র্যাকটিক্যালের জিনিসপত্র কেনার জন্য বাইরে এসেছিলাম। আমি স্কুটিতে ছিলাম। পিছন থেকে এক কাকিমা এসে বলেন যে, মেয়েটা কতটা চরিত্রহীনা। কী ভাবে পোশাক পরতে হয় জানে না। এমন মেয়েদের সমাজে থাকা উচিত নয়।’’ ভিডিয়োয় পরে আবার দেখা যায়, নীতিপুলিশি করা ওই মহিলার মুখোমুখি হয়েছেন তরুণী। তাঁর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করার জন্য প্রতিবাদও করতে দেখা যায় তরুণীকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অনুষ্কা_শর্মা৪০৮৭’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। স্বাভাবিক ভাবেই ঘটনাটি নীতিপুলিশি, নারীদের পছন্দের স্বাধীনতা এবং সামাজিক দৃষ্টিভঙ্গিতে প্রজন্মগত পার্থক্য নিয়ে আলোচনাকে নতুন করে উস্কে দিয়েছে। নারীদের পোশাক নিয়ে সেকেলে মনোভাবকে চ্যালেঞ্জ করার জন্য অনেকেই ওই তরুণীকে সমর্থন জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ জন্যই বলে মেয়েরাই মেয়েদের শত্রু। এই সমাজ পোশাক দ্বারা প্রভাবিত হয় না। কাম, লোভ, ক্রোধ, ঈর্ষা ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়। প্রতিবাদ করার জন্য তরুণীকে কুর্নিশ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘তরুণীর জন্য গর্ববোধ হচ্ছে। উচিত কথা বলেছেন।’’

Viral Video Assam Moral Policing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy