বিচ্ছেদ হয়েছে বহু বছর। বর্তমানে সইফ আলি খান সুখে সংসার করছেন করিনা কপূর খান ও সন্তানদের নিয়ে। কিন্তু আজও প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের প্রসঙ্গ তাঁর দিকে ধেয়ে আসে। সম্প্রতি অমৃতার সঙ্গে বিয়ে নিয়ে আরও একটি বিষয় প্রকাশ্যে আনলেন সইফ।
সইফ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর কর্মজীবনের শুরুতে এক অভিনেতা অমৃতা প্রসঙ্গে এক বিশেষ পরামর্শ দিয়েছিলেন। অমৃতার সঙ্গে বিয়ের খবর গোপন রাখতে বলেছিলেন সেই অভিনেতা। সইফ মনে করেন, এটি তাঁর জীবনে পাওয়া সবচেয়ে খারাপ এবং অদ্ভুত পরামর্শ ছিল।
আরও পড়ুন:
তখন সইফ সদ্য চলচ্চিত্রজগতে পা রেখেছেন। ১৯৯১ সালে ‘বেখুদি’ ছবির শুটিংয়ের সময় অমৃতার সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তার পরে প্রেম ও বিয়ে। সেই সময়ে এক প্রবীণ অভিনেতা নাকি সইফকে পরামর্শ দেন যে, বিয়ের কথা প্রকাশ্যে না আনাই ভাল। এতে নাকি তাঁর ভাবমূর্তি ও মহিলা অনুরাগীদের সংখ্যা কমে যেতে পারে।
সইফ জানান, তিনি সেই পরামর্শ মানেননি। তাঁর মতে, একজন অভিনেতার ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখার কোনও প্রয়োজন নেই। তাই তাঁর স্পষ্ট বক্তব্য, “আমি জানি না, তিনি ওরকম পরামর্শ কেন দিয়েছিলেন। তবে আমার পাওয়া সবচেয়ে খারাপ পরামর্শ ছিল ওটা।”
উল্লেখ্য, সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সইফের ছবি ‘কর্তব্য’। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে।