নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে কখনওই প্রকাশ্যে মান্যতা দেননি সলমন খান ও ক্যাটরিনা কইফ। তবে ক্যাটরিনার কর্মজীবনে সলমনের অবদানের কথা ইন্ডাস্ট্রিতে সকলের জানা। যদিও তাঁদের সম্পর্ক বেশিদিন টেকেনি। তাঁদের বিচ্ছেদ হয় ২০১২ সালে। ‘এক থা টাইগার’ ছবিতে কাজ করার সময়েই এমন ঘটে। পরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। সলমন যদিও এখনও অবিবাহিত। এখন আবার আলোচনায় ক্যাটরিনা-সলমনের প্রেম।
বিদেশ থেকে ক্যাটরিনা যখন মুম্বইয়ে আসেন, তখন থেকেই সলমনের সঙ্গে সখ্য তাঁর। অভিনেত্রী ২০০৫ সালে ‘ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া’ ছবি করার সময় থেকেই সেই বন্ধুত্ব ঘনিষ্ঠতায় পরিণত হয়। সলমনের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে রণবীর কপূরের সঙ্গেও সম্পর্কে ছিলেন ক্যাট। তবে এখন সবই অতীত। ক্যাটরিনা আপাতত ঘোরতর সংসারী। এর মাঝেই সলমন ও ক্যাটরিনাকে নিয়ে রাখা পাক-অভিনেত্রী অরজুমন্দ রহিমের বক্তব্য ‘ভাইরাল’।
অরজুমন্দের একটি ভিডিয়ো ঘুরছে বিভিন্ন জায়গায়। সেখানে ক্যাটরিনা ও সলমন সম্পর্কে নানা কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। সলমনের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণে গিয়ে ক্যাটরিনার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। পাক-অভিনেত্রীর দাবি, সলমন ও ক্যাটরিনা একসঙ্গেই থাকতেন সেই সময়ে। অরজুমন্দ জানান, তিনি সলমনের অনুরাগী ছিলেন। তবে ব্যক্তিগত ভাবে আলাপ করার পরে সলমনকে আরও ভাল করে চিনতে পারেন তিনি। অরজুমন্দ বলেন, ‘‘তিনি খুবই দয়ালু, ভাল মনের মানুষ। সর্বোপরি সকলকে সম্মান করতে জানেন। তাঁর বাড়িতেই ক্যাটরিনার সঙ্গে দেখা হয়। তিনিও খুব ভাল মানুষ। কথাবার্তা খুব ভাল। দু’জনেই খুব আন্তরিক। আমাকে খুব সুন্দর করে স্বাগত জানান। এত বড় তারকা, তবু তাঁদের ব্যবহার এমন সরল, যা অবাক করে দেয়।’’