Advertisement
E-Paper

‘পিঠে বোতাম দেওয়া ব্লাউজ়, সাহায্য চেয়েও কাউকে পাইনি’, ধারাবাহিকের সেটে কী হয়েছিল সঙ্ঘমিত্রার সঙ্গে?

কিছু দিন আগে তাঁকে দর্শক দেখেছিলেন ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে। রাজ চক্রবর্তী প্রযোজিত ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে নাকি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রী সঙ্ঘমিত্রা ভট্টাচার্যকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ২০:২৮
ধারাবাহিকের সেটে কী ঘটেছিল সঙ্ঘমিত্রা ভট্টাচার্যের সঙ্গে?

ধারাবাহিকের সেটে কী ঘটেছিল সঙ্ঘমিত্রা ভট্টাচার্যের সঙ্গে? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী সঙ্ঘমিত্রা ভট্টাচার্য, যাঁকে সবাই ‘কুমকুম’ নামেই চেনেন। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন ‘সংসারের সংকীর্তন’-এ। এর কিছু দিন আগে তাঁকে দর্শক দেখেছিলেন ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে। রাজ চক্রবর্তী প্রযোজিত ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে নাকি তাঁকে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। কী হয়েছিল তাঁর সঙ্গে? বিস্তারিত জানালেন প্রবীণ অভিনেত্রী।

সঙ্ঘমিত্রা বলেন, “গৃহপ্রবেশ গল্পটা নিউ ইয়র্ক থেকে শুরু হয়েছিল। তার পরে গল্পের মোড় ঘোরে। সেখানে আমার লুকেও বেশ কিছু পরিবর্তন আসে। যেখানে আমার পোশাকেও পরিবর্তন আসে। নতুন লুকে বলা হয়েছিল, ব্লাউজ়ের বোতাম পিঠের দিকে হবে। এ বার ব্লাউজ়ের বোতাম পিঠে হলে তো, কারও না কারও সাহায্য লাগবেই। এমনই এক দিন যখন শটে যাওয়ার আগে তৈরি হচ্ছি, তখন ব্লাউজ় পরার জন্যে সাহায্য চেয়েছিলাম সেটের এগ্‌জ়িকিউটিভ প্রোডিউসার এবং অন্যদের থেকে। কিন্তু কেউ আমাকে সাহায্য করেননি। খুব খারাপ লেগেছিল। অস্বস্তিতে কেঁদেছিলাম।”

সেই সময়ে এই বিষয়ে কথা বলার জন্য প্রযোজক রাজের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন সঙ্ঘমিত্রা। প্রবীণ অভিনেত্রীর দাবি, “রাজ ফোন করে আমার কথাই শুনতে চায়নি। আমার মেয়েও তখন ছিল পাশে। উল্টে খালি আমাকে বলে গিয়েছে, দিদি, কেউ তোমাকে অসম্মান করেনি। প্লিজ় কাজ করে দাও। ব্লাউজ়ের ওই ঘটনার পরে আমাকে বেশ কিছু দিন শুটিংয়ের ডেটও দেওয়া হয়নি। তার পরে এক দিন ডেকে অনেক দৃশ্যে একসঙ্গে শুটিং করিয়ে নেওয়া হয়েছিল।”

সঙ্ঘমিত্রা জানিয়েছেন, ধারাবাহিকের এগ্‌জ়িকিউটিভ প্রযোজক মধ্যরাতের পরে এই কারণে ‘সরি’ বললেও, সামনে কোনও দিন ঠিক করে কথা বলেননি। অভিনেত্রী যোগ করেন, “পরে সেটে অনেক বার রাজ এসেছে। প্রত্যেকের সঙ্গে কথা বলেছে। কিন্তু কোনও দিন আমাকে ডেকে কথা বলেনি। আমিও মনে করিনি কথা বলার দরকার আছে বলে। তাই আমিও এড়িয়ে গিয়েছি। আমার রাজকে খুব তুচ্ছ বলে মনে হয়েছে।” এই মুহূর্তে অন্য ধারাবাহিকে কাজ করছেন অভিনেত্রী। সেখানে সবার সঙ্গে কাজ করার খুবই ভাল অভিজ্ঞতা বলে জানিয়েছেন সঙ্ঘমিত্রা।

Bengali Cinema
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy