আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ‘বঙ্গ সম্মান’-এর ঘোষণা করা হয়। চলতি বছরে সঙ্গীত ও বিনোদনজগতের এক ঝাঁক কৃতী মানুষকে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা দিল রাজ্য সরকার। উল্লেখযোগ্য ভাবে, এ বছর বঙ্গভূষণ পেলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন:
গানের জগতে অনন্য অবদানের জন্য বঙ্গবিভূষণ পেলেন শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র-সহ গায়ক তথা রাজনীতিক বাবুল সুপ্রিয়। এ ছাড়াও এই তালিকায় নাম রয়েছে চিত্রকর গণেশচন্দ্র হালুই ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের।
অন্য দিকে, পরমব্রতর পাশাপাশি বঙ্গভূষণ সম্মাননা পেলেন গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি। কার্তিক দাস বাউল, অদিতি মুন্সীও একই সম্মাননা পেলেন।
পরমব্রত চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের কেরিয়ারে প্রায় তিন দশক ধরে বাংলা সিনেমা সিরিজ়ের পাশাপাশি সমান তালে মুম্বইয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন।
মনোময় ভট্টাচার্যের প্রায় তিন দশকের কেরিয়ার। মূলত রবীন্দ্রসঙ্গীত ও বাংলা আধুনিক গানের জগতে অন্যতম নাম মনোময়।
গায়ক রূপঙ্কর বাগচী জাতীয় পুরস্কার আগেই পেয়েছেন। এ বার রাজ্য সরকারের তরফে বঙ্গভূষণ সম্মান পেলেন। বাংলা সিনেমার জগতে রূপঙ্করের রয়েছে ঝুলিভর্তি হিট কিছু গান।
অদিতি মুন্সীর যাত্রা শুরু হয়েছিল একটি রিয়্যালিটি শো থেকে। সেখান থেকে তৃণমূলের বিধায়ক। এ বার বঙ্গভূষণ সম্মান পেলেন কীর্তন শিল্পী অদিতি।
বাংলা আধুনিক গানের অন্যতম নাম রাঘব চট্টোপাধ্যায়। এ বার এই গায়ক বঙ্গসম্মান পেলেন।