Advertisement
E-Paper

‘তোমরা সবাই পাগল হয়ে গিয়েছ’! বিয়ের কথা জিজ্ঞাসা করতেই চিৎকার করে উঠলেন পরিণীতি

‘উঁচাই’ খ্যাত অভিনেত্রীর অনামিকায় আংটি দেখে অনুরাগীদের ধারণা, চুপিচুপি বাগ্‌দান বোধ হয় সেরেই ফেলেছেন তিনি। তা হলে বিয়ে নিয়ে এখনও রাখঢাক কিসের?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ১১:১৯
Parineeti Chopra reacts paps wish to be ‘ladkiwalas’ on her wedding with Raghav Chadha

বিয়ে নিয়ে প্রশ্ন করলেই লজ্জায় লাল হয়ে উঠতে দেখা যায় তাঁকে, কখনও মিষ্টি হাসেন, কখনও আঙুলে চুল জড়ান। ছবি—সংগৃহীত

আংটিবদল হয়ে গিয়েছে, বিয়ের তারিখও নাকি অক্টোবরে। তবু এখনও ঝেড়ে কাশেননি পাত্রপাত্রী। অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার বিয়ের খবর এখনও জল্পনার স্তরেই। তার মধ্যেই সোমবার সন্ধ্যায় মুম্বই বিমানবন্দরে সেজেগুজে ধরা দিলেন পরিণীতি। শহরের বাইরে যাচ্ছিলেন তিনি। সে সময় আলোকচিত্রীরা আবার তাঁকে ছেঁকে ধরলেন। কিছুতেই যে কথা বার করা যাচ্ছে না তাঁর থেকে। যদিও বিয়ে নিয়ে প্রশ্ন করলেই লজ্জায় লাল হয়ে উঠতে দেখা যায় তাঁকে। কখনও মিষ্টি হাসেন, কখনও আঙুলে চুল জড়ান।

সোমবার সন্ধ্যায় কালো ঢোলা টপ আর সাদাকালো চেক প্যান্ট পরা পরিণীতিকে কয়েক জন সাংবাদিক ঘিরে ধরে বললেন, “কনেযাত্রী যাব কিন্তু আমরা!” অভিনেত্রী এতে চরম বিব্রত। হাসতে হাসতে গলা তুলে জবাব দিলেন, “তোমরা সবাই পাগল হয়ে গিয়েছ!”

কানাঘুষো শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রাঘবের সঙ্গে সাত পাক ঘুরবেন তিনি। সম্প্রতি পরিণীতির অনামিকায় একটি আংটিও দেখা গিয়েছে। তার পর থেকে অনেকেই ধরে নিয়েছেন নিশ্চয়ই বাগ্‌দান পর্বও সারা হয়ে গিয়েছে রাঘব এবং পরিণীতির। এত দিন বিয়ে নিয়ে প্রশ্ন করলে শুধুমাত্র হেসেই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিলেন তাঁরা। তবে সম্প্রতি মুখ খুলেছেন পরিণীতি।

তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার জল্পনা বাস্তবের মধ্যে সূক্ষ্ম ফারাক রয়েছে। যদি কিছু ঘটে আমি নিশ্চয়ই স্পষ্ট করব। আর যদি কোনও ভুল ধারণা তৈরি হয়, তা হলেও আমি ভ্রম সংশোধন করাব। যদি তা না হয়, সেখানে কিছু স্পষ্ট করার তো কোনও মানেই হয় না। আর আমি তা করবও না।”

এই মন্তব্যেই কি তিনি স্পষ্ট করে দেননি, যে বিয়ের খবরে কোনও ভ্রম নেই? তা নিয়েই সাম্প্রতিক চর্চা।

গত মাসে মুম্বইয়ের রেস্তরাঁয় ডেটে গিয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন রাঘব ও পরিণীতি। সেই থেকে শুরু দু’জনের প্রেমের জল্পনা। তার পর থেকে একাধিক বার এক ফ্রেমে ধরা দিয়েছেন চর্চিত যুগল। কখনও পরিণীতিকে দিল্লি বিমানবন্দর থেকে নিতে এসেছেন আপ নেতা। কখনও আবার একই বিমানে রাজধানী থেকে একসঙ্গে মুম্বইয়ে ফিরেছেন রাজনীতিক ও অভিনেত্রী।

শোনা গিয়েছিল, চলতি মাসের প্রথম দিকেই নাকি রোকা অনুষ্ঠান সম্পন্ন হতে চলেছে পরিণীতির। দিল্লিতে সেই মতো অনুষ্ঠানের আয়োজনও দেখতে গিয়েছিলেন পরিণীতি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরেই বাগ্‌দানের অনুষ্ঠান সারতে চেয়েছিলেন রাঘব ও পরিণীতি। ‘উঁচাই’ খ্যাত অভিনেত্রীর অনামিকায় আংটি দেখে অনুরাগীদের ধারণা, চুপিচুপি বাগ্‌দান বোধ হয় সেরেই ফেলেছেন তিনি।

Parineeti Chopra Raghav Chadha Wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy