বিখ্যাত হওয়ার জন্যই নগ্ন হওয়ার কথা বলেছিলেন, নিজেই স্বীকার করলেন পুনম পাণ্ডে। ২০১১ সালের বিশ্বকাপের সময়ে পুনম শর্ত দিয়েছিলেন, ভারত জয়ী হলে তিনি নগ্ন হবেন। মহেন্দ্র সিংহ ধোনি ছিলেন সেই সময়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ভারত জয়ী হয়েছিল। তার পরেই বিপাকে পড়েছিলেন পুনম। বুঝে উঠতে পারছিলেন না, কী ভাবে নিজের প্রতিশ্রুতি রাখবেন!
ওই মন্তব্যের জন্য বিতর্কে পড়তে হয়েছিল পুনমকে। তাঁর বিরুদ্ধে অনেকেই আইনি অভিযোগও করেছিলেন। সেই ঘটনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম জানালেন দৃষ্টি আকর্ষণ করার জন্যই ওই মন্তব্য করেছিলেন তিনি। বিতর্কিত অভিনেত্রী বলেন, “আমি জানতাম না, ইন্ডাস্ট্রিতে কী ভাবে প্রবেশ করতে হয়। এখানে অনেকে অনেক কিছু করেন। সেগুলো এখনও আমি শিখছি।” বন্ধুদের সামনে মজা করেই সেই মন্তব্য মুখ থেকে বেরিয়ে গিয়েছিল বলেও জানান পুনম।
গোটা ঘটনায় যে বিতর্ক তৈরি হয়েছিল, তাতে নাকি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন পুনম। তাঁর কথায়, “আমি খুব ভয় পেয়েছিলাম। আমার বিরুদ্ধে আইনি অভিযোগ হয়েছিল। নিজের কথা রাখব কী ভাবে, সেটাও বুঝে পাচ্ছিলাম না।” ঘটনার জেরে বাড়িতেও বকুনি খেয়েছিলেন পুনম। বাবার হাতে চড় পর্যন্ত খেতে হয়েছিল তাঁকে। পুনমের বাবা সেই সময়ে মেয়েকে প্রশ্ন করেন, “ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে এ সব কী ভাবে বলতে পারলে তুমি?” ভবিষ্যতে কন্যার বিয়ে দেবেন কী ভাবে, তা নিয়েও নাকি চিন্তায় পড়েছিলেন পুনমের বাবা। ভয় পেয়েছিলেন পুনম, তবে তিনি বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামাননি।