Advertisement
E-Paper

বিনা নোটিসে বন্ধ হচ্ছে ধারাবাহিক ‘আমাদের দাদামণি’! কবে শেষ শুট? বন্ধ হওয়ার নেপথ্যে কী কারণ?

প্রতীক সেন অভিনীত এই ধারাবাহিকের পথচলা কিন্তু বেশি দিনের নয়। কেন আচমকা বন্ধ হচ্ছে ধারাবাহিকটি? নেপথ্য কারণ কি রেটিং চার্ট?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৩:৩২
‘আমাদের দাদামণি’ ধারাবাহিকে অনুষ্কা চক্রবর্তী এবং প্রতীক সেন।

‘আমাদের দাদামণি’ ধারাবাহিকে অনুষ্কা চক্রবর্তী এবং প্রতীক সেন। ছবি: ফেসবুক।

বন্ধ হচ্ছে আরও একটি বাংলা ধারাবাহিক। খবর, শনিবার শেষ শুটিং জ়ি বাংলার ধারাবাহিক ‘আমাদের দাদামণি’র। ধারাবাহিকের পরিচালক গোপাল চক্রবর্তী আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন এ কথা। জানা গিয়েছে, বিনা নোটিসেই নাকি বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি।

যে কোনও ধারাবাহিকের ‘রেটিং’ বা নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ। মাত্র ২৪৭টি পর্ব দেখানোর পর ‘আমাদের দাদামণি’ কি এই কারণেই শেষ হয়ে যাচ্ছে? প্রশ্ন করা হয়েছিল ধারাবাহিকের পরিচালক গোপালকে। তাঁর কথায়, “প্রতি সপ্তাহে ধারাবাহিকের নম্বর বা রেটিং অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার উপরে একটি মেগার চলা বা বন্ধ হওয়ার অনেকটাই নির্ভর করে। আমাদের ক্ষেত্রেও সেটি একটি কারণ। বিষয়টিকে কোনও ভাবেই অস্বীকার করতে পারি না।” তাই কি পরিচালক-অভিনেতাদের না জানিয়েই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি? এ বিষয়ে অবশ্য মুখ খুলতে চাননি পরিচালক। তাঁর মতে, এটি ধারাবাহিকের প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষ ভাল বলতে পারবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম সম্প্রচারের সময় বদলে যায় ‘আমাদের দাদামণি’র। রাত সোয়া দশটায় দেখানো শুরু হয় সেটি। ফের বদল আসে মার্চে। ধারাবাহিকের সম্প্রচারের সময় আরও পিছিয়ে হয় রাত ১১টা। এ দিকে, পরিচালক না বললেও অন্দরের খবর, জ়ি বাংলার নতুন দুই মেগা ‘কমলা নিবাস’ ও ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’কে জায়গা দিতেই নাকি কোপ পড়ল ‘আমাদের দাদামণি’র উপরে।

Advertisement

তিন বোন আর দাদার যাপিত জীবন নিয়ে শুরু হয়েছিল ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকটি। নায়ক প্রতীক সেন, নায়িকা অনুষ্কা চক্রবর্তী। এ ছাড়াও ছিলেন মৌসুমী সাহা এবং খলনায়ক দেবেশ চট্টোপাধ্যায়। দেবেশ শুরু থেকে শেষ পর্যন্ত নানা ভাবে বিপদে ফেলার চেষ্টা করেছেন নায়ককে। ধারাবাহিকের শেষে সাধারণত ‘দুষ্টের দমন’ হয়। সে রকমই কি কিছু এই ধারাবাহিকেও হবে? পরিচালক সায় দিয়ে জানিয়েছেন, তেমনই কিছু ঘটতে চলেছে। তার জন্য ধারাবাহিকের শেষ পর্ব দেখতে হবে।

Pratik Sen debesh chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy