Advertisement
E-Paper

আপাতত হলিউডে মন প্রিয়ঙ্কার, তাঁর মতে বলিউডের পরবর্তী সুপারস্টার কে? আভাস দিলেন দেশি গার্ল

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘সিটাডেল’-এর ট্রেলার। আপাতত হলিউডেই ব্যস্ত প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। বলিউডে তাঁর ছেড়ে আসা সিংহাসনে বসবেন কে? খোলসা করলেন প্রিয়ঙ্কা নিজেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৯:৪৩
Priyanka Chopra thinks Alia Bhatt deserves to be the next superstar of Bollywood

বলিউডে তাঁর ছেড়ে যাওয়া সিংহাসনের উত্তরাধিকারী কে? জবাব দিলেন দেশি গার্ল নিজেই। — ফাইল চিত্র।

আন্তর্জাতিক তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। হলিউডে চুটিয়ে কাজ করছেন। ‘কোয়ান্টিকো’ দিয়ে হাতেখড়ি তাঁর। তার পর ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রেজ়ারেকশন্‌স’-এর মতো ছবিতে কাজ করেছেন প্রিয়ঙ্কা। এ বার মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে জুটি বেঁধেছেন দেশি গার্ল। কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি সিরিজ় ‘সিটাডেল’। বহুভাষী এই সিরিজ়ে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে প্রিয়ঙ্কা চোপড়া জোনাসকে। আগামী এপ্রিলেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজ়। ‘সিটাডেল’-এর হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় ঢুকে গেলেন প্রিয়ঙ্কা। আগামী দিনে বলিউড কতটা পাবে প্রিয়ঙ্কাকে, তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তা হলে বলিউডে তাঁর ছেড়ে যাওয়া সিংহাসনের উত্তরাধিকারী কে? জবাব দিলেন দেশি গার্ল নিজেই।

বলিউডে এক সময় দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। আপাতত তাঁর মন হলিউডে। তা হলে আগামী দিনে বলিউডের সুপারস্টার কে? প্রশ্ন করার মুহূর্তের মধ্যেই প্রিয়ঙ্কার কাছে তৈরি জবাব। ‘‘আলিয়া ভট্ট।’’ উত্তর দিলেন প্রিয়ঙ্কা। তবে, তাঁর পরেই প্রিয়ঙ্কা জুড়ে দেন, ‘‘আলিয়া ইতিমধ্যেই বলিউডের সুপারস্টার।’’ আলিয়ার পাশাপাশি, আলায়া এফেরও নাম নেন দেশি গার্ল। তাঁর মতে, ‘‘আলায়ার একটা নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। ও কাউকে অনুসরণ করে না। কয়েক বছরের মধ্যেই আশা করি দেখা যাবে, কী হয়।’’

প্রিয়ঙ্কার সঙ্গে আলিয়ার সুসম্পর্কের কথা বলিউডে কারও অজানা নয়। একাধিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পার্টিতে একে অপরের সঙ্গে দেখা গিয়েছে দুই তাবড় তারকাকে। এমনকি, ফারহান আখতারের পরের ছবি ‘জি লে জ়রা’-তে একসঙ্গে কাজ করার কথা আলিয়া ও প্রিয়ঙ্কার। প্রিয়ঙ্কার পদক্ষেপ অনুসরণ করে ইতিমধ্যেই হলিউডেও পা রেখেছেন আলিয়া ভট্ট। ‘হার্ট অফ স্টোন’ ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে সেই ছবি।

Priyanka Chopra Jonas Alia Bhatt Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy