Advertisement
E-Paper

‘আমি ছবিমুক্তির দিন ঠিক করব, ‘কেউ বলে বিপ্লবী’র দায় আমার’! বললেন প্রযোজক প্রদীপ নন্দী

“কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে কিচ্ছু জানি না। কথাগুলো আমার কানেও এসেছে”, বললেন প্রযোজক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৮:৫১
প্রদীপ নন্দীর সব ছবিই মুক্তি পাবে।

প্রদীপ নন্দীর সব ছবিই মুক্তি পাবে। ছবি: ফেসবুক।

মাসখানেক আগের কথা। প্রযোজনা সংস্থার সমাজমাধ্যম থেকে সরে গিয়েছিল একাধিক ছবির পোস্টার। তালিকায় ‘অ্যাম্বুল্যান্স দাদা’, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ এবং শুধু নামঘোষণা হওয়া ছবি ‘বৈরাগী’। হাওয়ার বেগে খবর ছড়িয়েছিল, নন্দী মুভিজ়ের কর্ণধার প্রদীপ নন্দী ব্যবসা গুটিয়ে নিচ্ছেন।

টলিউডে সাড়া পড়ে গেল, তিনি নাকি আর ছবি প্রযোজনা করবেন না। প্রযোজকের নতুন ছবি ‘ফেরা’ মুক্তি পাবে ২৯ মে। সেই সময় ওই ছবির পোস্টার একমাত্র সমাজমাধ্যমে জ্বলজ্বল করেছে। ফলে, খবর সত্যি হোক বা গুঞ্জন, সেটা বেড়েছে বই কমেনি। সেই তালিকায় সর্বশেষ সংযোজন, জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটি নাকি সুরিন্দর ফিল্মসের কাছে বিক্রি করে দিয়েছেন প্রযোজক। তিনি নাকি জানিয়েছেন, ছবি প্রযোজনার নামে নাটক করতে পারবেন না তিনি।

সত্যিই কি এ রকম কিছু ঘটতে চলেছে? আগামী দিনে প্রযোজনা থেকে সরে দাঁড়াচ্ছেন প্রদীপ? তিনি কি জিৎ এবং দেবের ছবি প্রযোজনা করবেন না? তা হলে ছবিমুক্তির কী হবে?

প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। প্রদীপ শুরুতেই বললেন, “কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, কিচ্ছু জানি না। এই ধরনের কথা ছড়িয়ে তাদের কী লাভ হচ্ছে, সেটাও বুঝতে পারছি না। তবে কথাগুলো আমার কানেও এসেছে।” তাঁর পরিষ্কার জবাব, “প্রত্যেকটা ছবি অনেক কষ্ট করে বানাচ্ছি। সেগুলো কি অন্য প্রযোজনা সংস্থার কাছে বিক্রি করে দেওয়ার জন্য? আমার তৈরি ছবি কেন অন্যকে বেচতে যাব?” তিনি আরও যোগ করেন, একসঙ্গে সব ছবির পোস্টার সমাজমাধ্যমে থাকলে দর্শক বুঝে উঠতে পারেন না, কোন ছবি আগে মুক্তি পাবে, কোন ছবি পরে। তাই ‘ফেরা’ ছবির পোস্টার রেখে বাকিগুলো সরিয়ে দিয়েছিলেন। প্রদীপের কথায়, “দর্শকের আগ্রহ, মনোযোগ— সবটাই এতে ভাগাভাগি হয়ে যায়।” কিন্তু তাঁর করা পদক্ষেপ যে ব্যুমেরাং হয়ে ফিরবে, সেটা তিনি বুঝতে পারেনি।

এর পরেই প্রদীপের আশ্বাস, দেবের ‘অ্যাম্বুল্যান্স দাদা’ মুক্তি পাবে স্বাধীনতা দিবসে। জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী...’ ছবিটি চলতি মাসের শেষে মুক্তি পাওয়ার কথা ছিল। ওই ছবির মুক্তি পিছিয়ে যাচ্ছে। তার কারণ হিসাবে প্রদীপ জানিয়েছেন, ছবির ভিএফএক্স, সাউন্ড-সহ নানা পোস্ট প্রোডাকশন কাজ মুম্বইয়ে হচ্ছে। এই কাজগুলো সময়সাপেক্ষ। তাই নির্দিষ্ট দিনে ছবিমুক্তি সম্ভব হল না।

এ দিকে টলিউড তোলপাড়, বড়পর্দায় ছবিমুক্তির দিন, ওয়েব প্ল্যাটফর্মে ছবির স্বত্ব বিক্রি নিয়ে নাকি মতবিরোধ তৈরি হয়েছিল জিৎ আর প্রযোজকের মধ্যে! এই গুঞ্জনও নস্যাৎ করে দিয়েছেন প্রদীপ। তাঁর কথায়, “সবাই মিলে কাজ করতে গেলে নানা কথা হবেই। অনেক সময় মতবিরোধও তৈরি হয়। কিন্তু সবই সাময়িক। আমাদের মধ্যে কোনও বিরোধ নেই।” পাশাপাশি প্রদীপ এ-ও জানিয়েছেন, প্রযোজক হিসাবে ছবিমুক্তির দায়িত্ব তাঁর। তাই তিনি যে দিন মনে করবেন, সে দিন মুক্তি পাবে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত।’

কথায় কথায় উঠে এসেছে প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘বৈরাগী’র কথাও। এই ছবির সহ-প্রযোজক জিৎ। প্রদীপ জানিয়েছেন, আপাতত অডিশন নেওয়া হচ্ছে। অভিনেতা ঠিক হয়ে গেলে, তার কাজও শুরু হবে।

Dev Jeet Bike Ambulance Dada Keu Bole Biplabi Keu Bole Dakat Pratim D Gupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy