জনপ্রিয় অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে স্তন ক্যানসারে আক্রান্ত। ‘সেক্রেড গেম্স’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো সিরিজ়ে অভিনয় করেছেন তিনি। রাজশ্রী দীর্ঘ দিন ধরেই সমান্তরাল ছবিতে কাজ করছেন। যদিও ‘সেক্রেড গেম্স’ সিরিজ়ে নওয়াজ়উদ্দীন সিদ্দীকীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিপুল আলোচনা হয়। এর পরে একাধিক সিরিজ়ে কাজ করেছেন। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। হাসপাতাল থেকে কোন বার্তা দিলেন?
রাজশ্রী জানান তাঁর অস্ত্রোপচার ভাল ভাবেই সম্পন্ন হয়েছে। তবে তিনি প্রথম পর্যায়ের ক্যানসারে আক্রান্ত শুনে নাকি বাড়িতে বলার মতো সাহস ছিল তাঁর। কারণ, মা-বাবার মনের উপর চাপ পড়বে, তা তিনি জানতেন। রাজশ্রীর কথায়, ‘‘আপনি এই লেখা পড়ছেন মানে আমি অবশেষে আমার বাবা-মাকে বলার সাহস পেয়েছি যে, আমার ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা ধরা পড়েছে। যা গ্রেড ওয়ান স্তন ক্যানসার। এখন আপনাদের সকলের জানার সময়। সৌভাগ্যবশত, আমার একটি রুটিন চেক-আপের সময়ে এটি ধরা পড়েছিল। তার পরে প্রচুর পরীক্ষা, অস্ত্রোপচার— একাধিক চ়ড়াই-উতরাই পেরিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, সকলের ভালবাসা এবং উষ্ণতা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। অস্ত্রোপচারের পরে আমার মা এবং বাবার মুখ দেখে আমার ভয় যেন শক্তিতে পরিণত হয়েছে। আমি আরও লড়াই করতে প্রস্তুত। শীঘ্রই হাসপাতাল থেকে বাড়ি ফিরব।’’
রাজশ্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিলোত্তমা সোম, লরেন-সহ আরও অনেকে।