Advertisement
E-Paper

শেষ হচ্ছে না ‘গৃহপ্রবেশ’, রাজ চক্রবর্তীর পরিচালনায় ছোটপর্দায় নতুন জুটি রণজয় বিষ্ণু-অভীকা

কানাঘুষো শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে জল্পনায় সিলমোহর। বিয়ে মিটতে না মিটতেই ছোটপর্দায় ফিরছেন রণজয় বিষ্ণু।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯
রণজয় বিষ্ণু-অভীকা মালাকারের নতুন জুটি।

রণজয় বিষ্ণু-অভীকা মালাকারের নতুন জুটি। ছবি: ফেসবুক।

শ্যামৌপ্তি মুডলীর সঙ্গে সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন। গা থেকে এখনও বিয়ের গন্ধ মোছেনি। তার মধ্যেই কাজের ডাক এসেছে। রাজ চক্রবর্তীর প্রযোজনায় ছোটপর্দায় ফিরছেন রণজয় বিষ্ণু। নতুন ধারাবাহিকে তাঁর বিপরীতে অভীকা মালাকার।

কানাঘুষো শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে জল্পনায় সিলমোহর। আনন্দবাজার ডট কম খবরের সত্যাসত্য জানতে যোগাযোগের চেষ্টা করেছিল প্রযোজক রাজের সঙ্গে। তিনি সম্পাদনার কাছে ব্যস্ত। বদলে তাঁর হয়ে কথা বলেছেন সহকারী মিমো হাজরা। রাজের আরও একটি ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ দেখানো হচ্ছে স্টার জলসায়। একই চ্যানেলে আসছে দ্বিতীয় ধারাবাহিকটিও। তা হলে কি ‘গৃহপ্রবেশ’ বন্ধ হয়ে যাচ্ছে? মিমোর কথায়, “না, ‘গৃহপ্রবেশ’ যেমন চলছে, তেমনই চলবে। রাজদা আর একটি ধারাবাহিক আনতে চলেছেন।” নায়ক-নায়িকা রণজয়-অভীকা। সব ঠিক থাকলে মার্চ মাস থেকে শুটিং শুরু হবে।

টেলিপাড়ায় আরও খবর, জনপ্রিয় দক্ষিণী ধারাবাহিক ‘ব্যারিস্টার বোধিসত্ত্ব’র বাংলা সংস্করণ নাকি রাজের নতুন ধারাবাহিক। এ বিষয়ে অবশ্য কিছুই জানাতে রাজি নন মিমো। তবে এই খবর সঠিক হলে ছোটপর্দায় এ বার আইনজীবী হয়ে ফিরতে চলেছেন রণজয়।

রাজের ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি অভীকা। রাজের ছবি ‘হোক কলরব’ দিয়ে বড়পর্দায় হাতেখড়ি তাঁর। তার আগে সুশান্ত দাসের ধারাবাহিক ‘তোমাদের রানি’ দিয়ে অভিনয়দুনিয়ায় পা রাখেন তিনি। কথায় কথায় জানালেন, “রাজদার সঙ্গে কাজ করে খুব মজা পেয়েছি। বড়পর্দার পর ছোটপর্দায় তাঁর সঙ্গে কাজ। প্রাথমিক কথা হয়েছে রাজদার সঙ্গে। দাদা জানিয়েছেন, একদম নতুন ভাবে ছোটপর্দায় আনতে চলেছেন আমায়।” তবে ধারাবাহিকের বিষয়ে নীরব রণজয়।

Ranojoy Bishnu Abhika Malakar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy