ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে বেরিয়ে গিয়ে নাকি বিপাকে পড়েছেন রণবীর সিংহ। তাঁর কাছে নাকি চাওয়া হয়েছে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ। অভিযোগ, রণবীরের সম্মতির পরেই কাজ শুরু করে দেওয়া হয়েছিল। তার পরে মাঝপথে ছবি থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। যার ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে ছবির নির্মাতাদের। এই বিষয়ে রণবীরের কী বক্তব্য?
বিষয়টি নিয়ে সম্প্রতি ‘ডন ৩’-র নির্মাতা ও রণবীরের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে ‘ধুরন্ধর’ তারকা দাবি করেছেন, তিনি কোনও ভাবেই নির্মাতাদের কোনও রকমের ক্ষতির জন্য দায়ী নন। তাঁর বক্তব্য, তিনি প্রযোজকদের থেকে একটি টাকাও নেননি। তাঁর দাবি, সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত, তাঁরই প্রযোজনা সংস্থার ছবি ‘বৈজু বাওরা’-র জন্য এক বছর সময় দিয়েছেন তিনি। তার পরেও ছবিটি আটকে রেখেছেন পরিচালক। কিন্তু, সেখানেও একটি টাকা নেননি রণবীর। বৈঠকে নাকি এমন দাবিই করেছেন অভিনেতা। এক সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “রণবীর নিজেই বলেছেন, তাঁর কোনও দায় নেই। তাই ‘ডন ৩’-র প্রযোজকদের টাকা ফেরত দেওয়ার কোনও প্রশ্নই নেই।
আরও পড়ুন:
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সফল হওয়ার পরেই নাকি ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে বেরিয়ে যান রণবীর। ফারহানের ছবির ঘোষণা হয়েছিল ২০২৩ সালে। সৃজনশীল মতবিরোধের জন্যই রণবীর এই ছবি থেকে বেরিয়ে যান বলে শোনা গিয়েছে। সূত্রের কথায়, “ছবির চিত্রনাট্য পছন্দ হয়নি রণবীরের। কিছু পরিবর্তনের কথা বহু বার বলেছিলেন তিনি। উল্টো দিকে প্রযোজনা সংস্থার দাবি, প্রথমে যে চিত্রনাট্য ঠিক হয়েছিল, তাতে রণবীরের সম্মতি নিয়েই তারা কাজ শুরু করে দিয়েছে।” তবে রণবীর প্রকাশ্যে এই নিয়ে কোনও বিবৃতি দেননি এখনও।