রোহিত শেট্টীর বাড়ির বাইরে গুলি চলার পরে মেসেজে হুমকি পেলেন রণবীর সিংহ। এ বার ই-মেল মারফত হুমকিবার্তা পেলেন সলমনের পরিজন। সূত্রের খবর, হুমকি ই-মেলে টাকা চাওয়া হয়েছে এবং বার্তা প্রেরণকারীর সঙ্গে বিশ্নোই গ্যাংয়ের যোগ আছে বলে দাবি করা হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সলমনের ঘনিষ্ঠ পরিজনের কাছে এই তোলাবাজির হুমকি দেওয়া ই-মেল আসে। আরও খবর, যাঁর কাছে হুমকি এসেছে, তিনিও এই ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতাই। মেলে তাঁর থেকে প্রায় কয়েক কোটি টাকা চাওয়া হয়েছে। কিন্তু খবর, এই বিষয়ে পুলিশে কোনও অভিযোগ জানাননি সলমনের ঘনিষ্ঠ। তবে পুলিশ গোটা বিষয়ে নজর রাখছে। যিনি হুমকি পেয়েছেন, তাঁর নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি।
আরও পড়ুন:
অন্যদিকে, মঙ্গলবারই হুমকিবার্তা পেয়েছেন রণবীর। হোয়াটস্অ্যাপ ভয়েস নোটের মাধ্যমে কোটি কোটি টাকা দাবি করা হয়েছে তাঁর কাছে, খবর এমনই। অভিনেতার অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ তদন্ত শুরু করেছে। গত ১ ফেব্রুয়ারি ভোরে পরিচালক রোহিতের বাড়ির সামনে চার রাউন্ড গুলি চলে। এ ছাড়া বিশ্নোই গ্যাংয়ের তরফে প্রায়ই হুমকি পান সলমন নিজেও।