Advertisement
E-Paper

বড়পর্দায় আবার কোর্টরুম ড্রামা, প্রযোজক রূপাঞ্জনার ছবিতে অপরাধীকে ‘সওয়াল’ করবেন কে?

‘কালিয়াচক’-এর পর আবার ছবি পরিচালনায় রাতুল মুখোপাধ্যায়। সেই জন্যই কি প্রযোজনায় অভিনেত্রী স্ত্রী?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০১
প্রযোজক রূপাঞ্জনা মিত্র, রাতুল মুখোপাধ্যায়।

প্রযোজক রূপাঞ্জনা মিত্র, রাতুল মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক।

কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘অনুসন্ধান’ কিংবা সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। এই দুটো টলিউডের সাম্প্রতিকতম ‘কোর্টরুম ড্রামা’ ছবি। একই ঘরানার আরও একটি ছবি আনতে চলেছেন রাতুল মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, সেই ছবির মুখ্য আকর্ষণ নাকি টোটা রায়চৌধুরী!

রাতুলের আগামী ছবির নাম ‘সওয়াল’। ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে। একটি পরিত্যক্ত স্থান। সেখানে আদালতের কাঠগড়া। এখানেই কি সওয়াল-জবাব চলবে? তার থেকেও বড় ঘটনা, এই ছবিতে পরিচালনার পাশাপাশি অন্যতম প্রযোজক রাতুল এবং তাঁর অভিনেত্রী স্ত্রী রূপাঞ্জনা মিত্র। শোনা যাচ্ছে, তাঁদের সঙ্গে যুক্ত বাংলা বিনোদনদুনিয়ার আরও দুই খ্যাতনামী। যদিও রাতুল বা রূপাঞ্জনা এখনই তাঁদের নাম প্রকাশ্যে আনতে চাননি।

টোটা রায়চৌধুরী কি ‘সওয়াল’ করবেন?

টোটা রায়চৌধুরী কি ‘সওয়াল’ করবেন? ছবি: ফেসবুক।

টলিউডে যখন ত্রাহি রব, ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’, তখন রূপাঞ্জনা বা রাতুল কেন এত বড় ঝুঁকি নিচ্ছেন? রাতুল প্রযোজক পাচ্ছেন না বলেই কি ময়দানে তাঁর অভিনেত্রী স্ত্রী? নব্য দুই প্রযোজককে প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। উভয়েই জানিয়েছেন, একদিকে যেমন ত্রাহি রব, অন্য দিকে একের পর এক ছবি হচ্ছেও। ফলে, তাঁরাও প্রযোজনা থেকে পিছিয়ে যাওয়ার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না। রাতুলের আরও যুক্তি, “প্রযোজক পাচ্ছি না বলে নয়, আমরা স্বাধীন ভাবে কাজ করব বলে প্রযোজকের জুতোয় পা গলিয়েছি।”

রাতুলের দ্বিতীয় বড় ছবি ‘কালিয়াচক’ নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছিল। ছবিতে শহরতলির অন্ধকার দিক দেখিয়েছিলেন পরিচালক। তাঁর দাবি ছিল, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল তাঁর ছবি। ‘সওয়াল’ কোন দিক সামনে আনবে? এ বারের ছবির পটভূমিকায় শহুরে অপরাধ। তারই সওয়াল-জবাব চলবে ছবি জুড়ে। রাতুলের কথায়, “আমার ছবি যতটা শহরতলির, ততটাই শহরের। তাই এ বার শহরের গল্প দেখাব।” ছবির গল্প লেখা হয়েছিল ২০২৩-এ। সব ঠিক থাকলে মার্চ মাস থেকে শুটিং শুরু হতে পারে। শুট চলবে শহরের সর্বত্র।

স্বামী পরিচালক। স্ত্রী প্রযোজক। রূপাঞ্জনাও কি অভিনয় করবেন? “এখনও জানি না। রূপাঞ্জনা কিছু জানায়নি”, বললেন পরিচালক। রূপাঞ্জনার থেকেও মেলেনি সদুত্তর। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন পুরুষ অভিনেতা। তাঁকে ঘিরে গল্প এগোবে। থাকবে নানা চরিত্র, অভিনয় করবেন বহু খ্যাতনামী অভিনেতা।

Tota Roy Chowdhury Sawal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy