রেস্তরাঁ হোক কিংবা হাসপাতাল— যে কোনও জায়গায় পছন্দের তারকাকে দেখলেই ফ্রেমবন্দি করতে পিছপা হন না ছবিশিকারিরা। মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক হাসপাতালের বাইরে সলমন খানকে দেখেই তেমনই উৎসাহ নিয়ে ছবি তোলা শুরু করে ছবিশিকারিদের একাংশ। তাতেই রেগে লাল ভাইজান।
নিজের অসন্তোষ উগরে দেন অভিনেতা। সলমনের অভিযোগ, ব্যক্তিগত এবং কঠিন পরিস্থিতিতে ‘কনটেন্ট’ হিসাবে তৈরি করে অর্থ উপার্জনের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত অমানবিক বলেই তাঁর মত।
বুধবার ভোররাতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সলমন। লেখেন,“আমি বরাবরই সংবাদমাধ্যমের পাশে দাঁড়িয়েছি এবং তাঁদের কাজকে সম্মান করেছি। সবসময় চেয়েছি তাঁরা যেন নিজেদের কাজ শান্তিতে করতে পারেন।” কিন্তু তাঁর দুঃখ-কষ্টকে উপভোগ করে তা থেকে লাভের প্রবণতা তাঁকে ব্যথিত করেছে।
অভিনেতা আরও লেখেন, “কারও জীবনের চেয়ে কি একটা ছবি বেশি গুরুত্বপূর্ণ?” পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, “আমি ৬০ বছর বয়সে পৌঁছেছি ঠিকই। কিন্তু লড়াই করতে ভুলিনি। জেলে দিতে চাইলে, দিতে পারেন।”
এ দিন হাসপাতালের বাইরে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায় বিরক্ত সলমন। রেগে গিয়েছিলেন তা দেখেই বোঝা গিয়েছে। ছবিশিকারিদের দিকে তাকিয়ে সলমন বলেন, “পাগল হয়ে গেছো?”
সলমনকে শেষ দেখা গিয়েছিল ‘সিকন্দর’ ছবিতে। তাঁর নতুন ছবির নাম ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার এবং বেশ কিছু চিনা সেনার। সেই ঘটনা ধরা পড়বে ছবিতে।