গোরক্ষপুরের বিজেপি সাংসদ এবং অভিনেতা রবি কিশন। তাঁর বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানো হয়েছে বলে খবর। এই অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কী অভিযোগ উঠেছে? বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বা একটি গোষ্ঠী গোরক্ষপুরে পরিকল্পিত ভাবে সাংসদ রবিকে নিয়ে আপত্তিকর, মানহানিকর মন্তব্য ছড়াচ্ছে।
এর জেরে তাঁর সামাজিক মর্যাদা, রাজনৈতিক ভাবমূর্তি এবং ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। বলিউড সূত্রের খবর, এফআইআরে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম, জনসমাগমস্থল এবং অন্যান্য মাধ্যমে রবিকে নিয়ে ধারাবাহিক ভাবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, এই সমস্ত প্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্বপরিকল্পিত, যাতে জনসমক্ষে সাংসদের ভাবমূর্তি নষ্ট হয় এবং তাঁর বিরুদ্ধে বিরূপ পরিবেশ তৈরি হয়। তবে ঠিক কী ঘটনা ঘটেছে তা এখনই স্পষ্ট নয়। এই বিষয়ে এখনও পর্যন্ত সাংসদ নিজে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন:
অন্য দিকে, কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই নতুন ছবিতে দেখা যাবে অভিনেতা-সাংসদ রবি কিশনকে। ‘মা বহেন’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত ও তৃপ্তি ডিমরী। আগামী ৪ জুন থেকে ছবিটি নেটফ্লিক্সে দেখা যাবে।