Advertisement
E-Paper

সুস্মিতা নয়! হিয়ার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন সাহেব, আগের জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন?

নাটকে ব্যস্ত সাহেব। এই নাটকে তাঁর সঙ্গিনী সুস্মিতা। ছোটপর্দায় কিন্তু সেটা ঘটছে না। কী বলছেন তিনি?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২
ছোটপর্দায় নতুুন জুটি হিয়া মুখোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য।

ছোটপর্দায় নতুুন জুটি হিয়া মুখোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য। ছবি: ফেসবুক।

নাটক থেকে মঞ্চানুষ্ঠান— সর্বত্র জুটিতে সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে। ধারাবাহিক ‘কথা’য় তাঁদের রসায়ন দর্শকপ্রিয়। গুঞ্জন, ধারাবাহিক শেষের পরেও নাকি সেই রসায়ন অটুট! এরই মধ্যে ছোটপর্দায় আবার ফিরছেন অভিনেতা। কিন্তু এ বার বিপরীতে আর সুস্মিতা নেই! সৃজিত রায়ের নতুন ধারাবাহিক ‘গঙ্গা’য় সাহেবের বিপরীতে হিয়া মুখোপাধ্যায়।

হিয়াও কিন্তু জনপ্রিয় তাঁর প্রথম ধারাবাহিক ‘গীতা এলএলবি’র দৌলতে। ধারাবাহিকটি এখন হিন্দিতে দেখানো হচ্ছে। সৃজিতের ধারাবাহিকে তিনিই ‘গঙ্গা’। গঙ্গায় নিবেদন করা পয়সা কুড়িয়ে আনাই পেশা। ছেলেদের সঙ্গে সমান টক্কর দিয়ে এই কাজ করে ‘গঙ্গা’। অন্য দিকে, আগের ধারাবাহিক ‘কথা’য় সাহেব খ্যাতনামী শেফ। এ বার তিনি পুলিশ অফিসার।

অভিনেতার কাছে নিত্যনতুন ধারাবাহিক আসবে। চরিত্রও বদলে যাবে। কিন্তু জনপ্রিয় জুটিকেই যে দর্শক যে আবার পর্দায় দেখতে চান! সেই জন্যই তো সাহেব-সুস্মিতা একসঙ্গে নাটকে অভিনয় করছেন। মঞ্চানুষ্ঠানেও উপস্থিত হচ্ছেন। আগের জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন সাহেব? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কম-এর। অভিনেতার কথায়, “বিষয়টি একেবারেই ভাবাচ্ছে না। মন দিয়ে অভিনয় করব। দর্শক নিশ্চয়ই পছন্দ করবেন।” বাড়তি কোনও চাপও তাই অনুভব করছেন না তিনি। প্রসঙ্গত, সিরিজ় ‘কুহেলি’ দিয়ে ওয়েব প্ল্যাটফর্মে পা রাখছেন সুস্মিতা। সেখানে তাঁর বিপরীতে কিন্তু সাহেব নেই।

দুশ্চিন্তামুক্ত হিয়াও। একই চ্যানেলে কাজের সুবাদে তিনি তিন বছর ধরে চেনেন অভিনেতাকে। মুখের আলাপ আগেই ছিল তাঁদের। ফলে, কাজ করতে সমস্যা হবে না, জানিয়েছেন তিনি।

অবসরেও একসঙ্গে সুস্মিতা-সাহেব!

অবসরেও একসঙ্গে সুস্মিতা-সাহেব! ছবি: ফেসবুক।

সাহেব-সুস্মিতা জুটির নাম যখন মুখে মুখে ফিরছে, তখনই নতুন জুটি আনছেন পরিচালক সৃজিত। কেন এই ভাবনা? পরিচালকের কথায়, “আগের জুটির রসায়ন আমার গল্পের জন্য নয় বলে। ‘গঙ্গা’ লড়াকু মেয়ে। সাঁতারে পারদর্শী। হিয়া খুব ভাল সাঁতার জানে। ওর বাবার কাছে শিখেছে। ‘গীতা এলএলবি’তে ও লড়াকু মেয়ের ভূমিকায় অভিনয় করেছিল।” তাই তাঁর বিশ্বাস, দর্শক নতুন জুটিকেও সমান ভাবেই ভালবাসবেন। সোমবার থেকে সোদপুরে ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। আপাতত শিশুশিল্পীদের নিয়ে শুটিং করছেন পরিচালক। নায়ক-নায়িকা ছাড়া ধারাবাহিকে দেখা যাবে অদিতি চট্টোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, মানসী সেনগুপ্ত, দ্বৈপায়ন দাস প্রমুখ। সব ঠিক থাকলে মার্চের মাঝামাঝি স্টার জলসায় দেখানো হবে ধারাবাহিকটি।

যে জুটি নিয়ে এত চর্চা, সেই জুটির আর এক সদস্য সুস্মিতা কী বলছেন? তাঁর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ফোন বেজে গিয়েছে সুস্মিতার।

Saheb Bhattacharya Hiya Mukherjee ganga Star Jalsha Srijit Roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy