দু’জনেই বলিউডের অভিজাত পরিবারের সন্তান। তাঁরা একে অপরের আলোয় আলোকিত নন। নিজগুণে আলাদা শিল্পীসত্তা তৈরি করেছেন করিনা কপূর খান ও সইফ আলি খান। ২০১২ সালে বিয়ে করেন তাঁরা। দাম্পত্যের প্রায় ১৩ বছরের। দুই সন্তানের বাবা-মা তাঁরা। দাম্পত্যজীবনের এক যুগ পার করেও বলিউডের ‘পাওয়ার কাপল’ তাঁরা। যদিও করিনাকে বিয়ে করার আগে অমৃতা সিংহের সঙ্গে দীর্ঘ বিবাহিত জীবন ছিল সইফের। একাধিক মডেল অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু সেই সব সম্পর্কে সুখে ছিলেন না সইফ। তবে করিনার সঙ্গে তিনি খুশি। সম্পর্কে করিনার থেকে বেশ কিছু প্রত্যাশা রয়েছে সইফের।
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ বলেন, ‘‘আমি করিনার সঙ্গে সুখে আছি। কারণ, আমাদের চিন্তাভাবনা এক ধরনের। যদিও আগে অন্য অনেক সম্পর্কে থেকেছি। কিন্তু সে সব সম্পর্কে সুখ থাকেনি। আমি কখনও কখনও আবেগের উপর নির্ভরশীল হয়ে পড়ি। কারণ আমার বেড়ে ওঠার পরিবেশ এবং বাবা–মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদেরকে প্রভাবিত করে। একটি সম্পর্কে কখনও কখনও আমাদের সঙ্গী সেই সমস্যাগুলো সামলাতে সাহায্য করে।” শুধু তা-ই নয়, বেশির ভাগ সময় করিনাকে সইফের মানসিক ভাবে প্রয়োজন। সইফ জানান, তাঁর ও করিনার মধ্যে ভালবাসা, ঘনিষ্ঠতা, স্নেহ সবই সমপরিমাণে রয়েছে। সইফের মতে, সেই কারণেই করিনার সঙ্গে সুখে আছেন তিনি।