দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম দফার কাঠামো নিয়ে পরবর্তী ধাপের আলোচনার জন্য পরের মাসের শুরুতেই ভারতে আসতে চলেছে আমেরিকার প্রতিনিধি দল। নয়াদিল্লিতে ১-৪ জুনের বৈঠক হবে। চূড়ান্ত করা হবে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির খুঁটিনাটি। আমেরিকার তরফে নেতৃত্ব দেবেন আলোচনার দায়িত্বে থাকা ব্র্যান্ডন লিঞ্চ। বুধবার বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, দু’দেশের বাজার খোলা, লগ্নিতে উৎসাহ দেওয়া, আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং আমদানি শুল্ক বাদে বাণিজ্যের অন্যান্য প্রাচীর নিয়ে কথা হবে সেখানে।
এই চুক্তির কাঠামো তৈরির জন্য দু’দেশের সমঝোতায় পৌঁছনোর কথা ঘোষণা হয় ৭ ফেব্রুয়ারি। ৫০% থেকে ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে ১৮% করতে রাজি হয় আমেরিকা। ঠিক ছিল সেটির আইনি দিকগুলি নিয়ে কথা হবে ওয়াশিংটনে। কিন্তু তার পরেই, আমেরিকার সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ককে বেআইনি তকমা দিয়ে বাতিল করায় থমকে যায় সেই বৈঠক। উল্টে ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তদন্তে নামে ট্রাম্প প্রশাসন। ২০-২৩ এপ্রিল আমেরিকায় যায় ভারতের প্রতিনিধি দল। এ বার তারা আসছে এই দেশে।
সংশ্লিষ্ট মহলের মতে, ভারতের পণ্যে এখন ১০% শুল্ক থাকলেও, প্রতিযোগিতায় কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে দেশ। সম্প্রতি ভারতে এসে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো বাণিজ্য-সহ নানা ক্ষেত্রে সহযোগিতার বার্তা দিয়েছেন। সূত্রের দাবি, এই অবস্থায় জুনের বৈঠকের লক্ষ্য হবে আরও বেশি করে চুক্তি থেকে সুবিধা আদায় করা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)