হাতে যথেষ্ট সংখ্যক বিমান না থাকায় ফের কলকাতা-কলম্বো সরাসরি উড়ান চালুর কথা ভাবছে না শ্রীলঙ্কার সরকারি উড়ান সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন্স। তার সঙ্গে জুড়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধজনিত উদ্বেগও। অতীতে অবশ্য এই রুটে তাদের বিমান চলত। কোভিডকালে কলকাতা এবং বোধগয়া থেকে সরাসরি উড়ান বন্ধ করে দেওয়া হয়। তারপর আর তা শুরু হয়নি।
দেশের অন্যান্য বহু শহর থেকে উড়ান থাকলেও, কলকাতা থেকে এখন তা শুরুর পরিকল্পনা নেই বলেই জানান সংস্থার অন্যতম কর্তা ডম্মিকা কুলতুঙ্গা। বর্তমানে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, ত্রিচি, কালিকটের মতো ৯টি শহর থেকে সপ্তাহে ৯০টি উড়ান চালায় শ্রীলঙ্কার বৃহত্তম এই উড়ান সংস্থাটি।
কুলতুঙ্গা বলেন, ‘‘কলকাতা থেকে বহু মানুষ শ্রীলঙ্কায় যান। ফলে যাত্রী পাওয়া সমস্যা নয়। কিন্তু হাতে যথেষ্ট বিমান না থাকায় এই রুট চালু করতে পারছি না।’’ তা হলে কি আগামী দিনে তা চালুর সম্ভাবনা রয়েছে? ভরসা দেননি কুলতুঙ্গা। জানান, অদূর ভবিষ্যতেও তা চালু করার পরিকল্পনা।
যদিও এই শহর থেকে বিপুল সংখ্যক পর্যটক শ্রীলঙ্কায় যাচ্ছেন
বলে দাবি করেছেন শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর চেয়ারম্যান ধীরা হেট্টিয়ারাচাচি। তিনি জানান, সারা ভারত থেকেই প্রচুর পর্যটক যান। চলতি বছরের প্রথম পাঁচ মাসে সেই সংখ্যা ২২% বেড়ে পেরিয়েছে ২.৩৬ লক্ষ। সেখানে ভারত থেকে কেউ বাণিজ্যিক সম্মেলন, বৈঠক ইত্যাদি করলে আর্থিক সহায়তা-সহ শ্রীলঙ্কা সরকারের তরফে একাধিক সুবিধা মিলবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)