সঙ্কট বাড়ছে দেশের উড়ান সংস্থাগুলির। একে তো বিমান জ্বালানি এটিএফের খরচ এতটাই বেড়েছে যে নাভিশ্বাস ওঠার দশা হয়েছে। তার উপর উড়ান সফরের চাহিদাও কমেছে। তাই জুন থেকে তিন মাস ঘরোয়া উড়ানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের অন্যতম বৃহৎ দুই উড়ান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া। বিশ্লেষক মহলের দাবি, এতে বিমান যাত্রার খরচ খানিকটা হলেও বাড়বে। এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ উড়ানের সংখ্যা ২০-২২ শতাংশ কমাবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কমাবে ১০%। সূত্রের খবর, ইন্ডিগোয় তা কমবে ১০-১২ শতাংশ। তিন মাস বাদে ফের পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত মার্চ থেকেই পশ্চিম এশিয়ায় যুদ্ধের ধাক্কা টের পাচ্ছে উড়ান সংস্থাগুলি। বিশ্ব বাজারে জ্বালানি সঙ্কটের প্রভাব পড়েছে দেশে। বেড়েছে তেল-গ্যাসের দাম। এর আগে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক উড়ান ২০-৩০ শতাংশ কমিয়ে দেওয়ার কথা জানিয়েছিল। এ বার ঘরোয়া রুটে হাত দিল জ্বালানির দাম বৃদ্ধি এবং গরমে যাত্রী কমে যাওয়ার কারণেই, দাবি সূত্রের। ভারতের আকাশের প্রায় ৯০% এই দুই সংস্থার দখলে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আন্তর্জাতিক উড়ানে সাময়িক কাটছাঁট হয়েছিল তারা। সেটাই এ বার দেশের মধ্যে করা হচ্ছে। তবে তাতে যাত্রীদের ন্যূনতম অসুবিধা হবে। এই সিদ্ধান্তের জন্য ভ্রমণের তারিখ বদল, বিকল্প ব্যবস্থা কিংবা টাকা ফেরত দেওয়া-সহ যা প্রয়োজন, তা করবে সংস্থা। পরিস্থিতি বদলালে, সেই অনুসারে পরিবর্তন হবে উড়ানের সংখ্যাতেও।
এয়ার ইন্ডিয়া দৈনিক দেশে ৩৮০০ মতো উড়ান চালাত। কমিয়ে প্রায় ৩০০০ করছে। সংস্থা সূত্রের দাবি, প্রতি কিলোলিটার এটিএফের দাম ৭৫-৮০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১,০৯,৪৫০ টাকা (কলকাতায়)। তার উপর রয়েছে যুক্তমূল্য কর বা ভ্যাট। তাই যে রুটে বিমান চালিয়ে তেমন লাভ হচ্ছে না, সেগুলি আপাতত বন্ধ রাখা হবে। তবে কোনও গন্তব্যে একেবারে বন্ধ করে দেওয়া হবে না। দেশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান কমে হচ্ছে প্রায় ২০০০। তবে রাত পর্যন্ত ইন্ডিগো এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি। সূত্র জানাচ্ছে, ইন্ডিগো সপ্তাহে ১৩ হাজারের বেশি উড়ান চালায়। তা গড়ে ১২% পর্যন্ত
কমানো হবে। পরিস্থিতি ফের খতিয়ে দেখা হবে অগস্টে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)