Advertisement
E-Paper

হাসপাতালে সেলিম খান! লরেন্স বিশ্নোইয়ের পর পর হুমকির মাঝেই আবার অঘটন সলমনের পরিবারে?

বান্দ্রার গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছাকাছি লীলাবতী হাসপাতালই। তাই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এই হাসপাতালে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০১
অসুস্থ সেলিম, কোন অঘটন সলমনের পরিবারে?

অসুস্থ সেলিম, কোন অঘটন সলমনের পরিবারে? ছবি: সংগৃহীত।

হাসপাতালে ভর্তি সেলিম খান। গত কয়েক বছর ধরেই সলমন খান অনবরত হুমকি পাচ্ছেন লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে। তাঁর পরিবারও রয়েছে বিশ্নোই গ্যাং-এর নিশানায়। দিনকয়েক আগে সলমনের ভগ্নিপতি আয়ুষ শর্মার কাছেও এসেছে হুমকিবার্তা। এর মধ্যেই ভাইজানের পরিবারে বিপত্তি। লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হল তাঁর বাবাকে।

বান্দ্রার গ্যালাক্সির সবচেয়ে কাছাকাছি এই হাসপাতালই। তাই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় সেখানে। এক ছবিশিকারির ভাগ করে নেওয়া ভিডিয়ো থেকে বিষয়টি সামনে এসেছে। ভিডিয়ো ভাগ করে নিয়ে তিনি শুধু লেখেন, “সেলিম খান হাসপাতালে ভর্তি হলেন।” তবে ঠিক কী হয়েছে প্রবীণ চিত্রনাট্যকারের, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। পরিবারও এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি। তবে হাসপাতালের বাইরে চিন্তিত মুখে ভাইজানকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে ছিল নিরাপত্তাবাহিনীও।

সম্প্রতি, অভিনেতা আয়ুষ শর্মার কাছে হুমকি ইমেলে টাকা চাওয়া হয়। এর সঙ্গেও বিশ্নোই গ্যাং-এর যোগ আছে বলেই জানা যায়।

গত কয়েক বছরে বলিউডের বেশ কিছু তারকা পর পর হুমকি পেয়ে এসেছেন। তাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি লিখেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। চিঠিতে লেখা হয়, “গত কয়েক দিন ধরে বলিউডের বেশ কিছু তারকা হুমকি পাচ্ছেন। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু অভিনেতাদের মধ্যে নয়, আশপাশেও আশঙ্কা ছড়াচ্ছে। খুবই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিনেতারা যে লোকালয়ে থাকেন, সেখানেও ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে।”

উল্লেখ্য, গত বছর ২৪ নভেম্বর ৯০ বছর পূর্ণ করেছেন সেলিম খান। জন্মদিনে গোটা পরিবার এক হয়েছিল।

Salim Khan Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy