১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ‘কভী হাঁ কভী না’। সুনীল আর অ্যানার নিষ্পাপ প্রেমের গল্প। শাহরুখ খান ও সুচিত্রা কৃষ্ণমূর্তির জুটি পছন্দ করেছিল দর্শক। সেই সঙ্গে নজর কেড়েছিলেন শাহরুখের বোনের চরিত্রে সাদিয়া সিদ্দীকী। কিন্তু, আদতে নাকি তিনি ওই চরিত্রে অভিনয় করতে একেবারেই রাজি ছিলেন না! কারণ? তিনি তখন মনে মনে শাহরুখের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কী ভাবে বোনের চরিত্রে অভিনয় করেন! মজার ঘটনা ভাগ করলেন সাদিয়া নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া বলেন, “আমাকে যখন এই ছবির জন্য ডাকা হয়, তখন আমি শাহরুখ খানের প্রেমে ডুবে। ওঁকে ছাড়া আর কাউকে দেখতেই পেতাম না। তখনও ওঁকে ভালবাসতাম, এখনও ভালবাসি”, হাসতে হাসতে অকপটে স্বীকার করেন তিনি।
পরিচালক কুন্দন শাহ প্রথম সদিয়াকে দেখেছিলেন ১৯৯৩ সালে দূরদর্শনের ধারাবাহিক ‘হমরাহি’তে। সেখানে তাঁর অভিনয় দেখে নিজের ছবিতে শাহরুখের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু সাদিয়া প্রথমে সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
পরিচালক কারণ জানতে চাইলে তিনি নাকি সরাসরি বলেন, “শাহরুখের প্রতি আমার ওরকম অনুভূতি নেই। আমার চোখে আমার আসল অনুভূতিটাই ধরা পড়বে, তাই এই চরিত্র বিশ্বাসযোগ্য হবে না।” সাদিয়ার এই স্পষ্ট উত্তর শুনে পরিচালক নাকি হেসে ফেলেন। এখানেই শেষ নয়। এর পরে সাদিয়া পরিচালককে জানান যে তিনি বরং নায়িকার চরিত্রটি করতে চান। কিন্তু, কুন্দন জানিয়ে দেন যে ওই চরিত্রের জন্য সাদিয়া তখন অনেকটাই ছোট।
আরও পড়ুন:
পরের দিন নাকি নিজের সবচেয়ে ভাল পোশাকটা পরে, মেকআপ করে, চুল ‘কার্ল’ করে সেটে হাজির হন সাদিয়া। তাঁর আশা ছিল, হয়তো এ বার মত বদলাবেন পরিচালক। কিন্তু কুন্দন হেসে বলেন, “না, তুমি বোনের চরিত্রটাই করবে।” সাদিয়ার কথায়, আর প্রস্তাব ফেরানোর অবকাশই দেওয়া হয়নি তাঁকে। সাদিয়ার কথায়, “কঠিন ছিল কাজটা, কিন্তু আমি একজন অভিনেত্রী। ওঁর (শাহরুখ) প্রতি মনে মনে যা-ই অনুভূতি থাকুক না কেন, পর্দায় কিন্তু তা বোঝা যায়নি। আমার চোখের ভাষায় মনে হয়েছে যে শাহরুখ আমার দাদা।”
শাহরুখকে নিজের অনুভূতির কথা কোনও দিনই সরাসরি জানাননি সাদিয়া। তবে তাঁর বিশ্বাস, অভিনেতা হয়তো বিষয়টা বুঝতেন। সেটে শাহরুখের যত্নশীল আচরণের কথাও জানান তিনি। একটি দৃশ্যের শুটিংয়ের সময়ে সমুদ্রসৈকতে প্রচণ্ড রোদে বসে ছিলেন সাদিয়া। পরে শট্ শেষ করে ফিরে এসে শাহরুখ তাঁকে বলেন, “রোদে কেন বসে আছ? গাড়িতে গিয়ে বসো, জল খাও।”
আরও পড়ুন:
বহু বছর পর একটি ডাবিং স্টুডিয়োয় আবার দেখা হয় দু’জনের। শাহরুখ তখন বিরাট স্টার। সাদিয়া ভেবেছিলেন, শাহরুখ তাঁকে আর মনে রাখেননি। কিন্তু অভিনেতা নিজেই তাঁকে নাম ধরে ডাকেন। সাদিয়া বলেন, “আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, ‘তোমার আমাকে মনে আছে?’ শাহরুখ বলে, ‘অবশ্যই মনে আছে।’ তার পরে আমাকে জড়িয়ে ধরে।”
আরও কিছু ছোট ছোট মুহূর্তের কথা উল্লেখ করে সাদিয়া জানান, আজও তাঁর কাছে সে সব ঘটনা বিশেষ স্মৃতি হয়ে রয়ে গেছে। সাদিয়ার কথায়, “এটাই শাহরুখ খান।”