Advertisement
E-Paper

টিকিটের দাম ২ হাজার টাকা পার, তাতেও ‘পাঠান’ দেখার জন্য হাহাকার!

বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। রাজধানীতে ২১০০ টাকায় বিকোচ্ছে ‘পাঠান’ ছবির টিকিট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ১৩:২৯
দিল্লিতে ২১০০ টাকায় বিকোচ্ছে ‘পাঠান’ ছবির টিকিট।

দিল্লিতে ২১০০ টাকায় বিকোচ্ছে ‘পাঠান’ ছবির টিকিট। ফাইল চিত্র।

ছবিমুক্তির আর এক সপ্তাহও বাকি নেই। বাদশার বড় পর্দায় প্রত্যাবর্তন ঘিরে তুঙ্গে উদ্দীপনা। রাজধানীতে হাজার দুয়েক টাকায় বিকোচ্ছে ‘পাঠান’ ছবির টিকিট। তাতেও টিকিট পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় শাহরুখ খানের ভক্তরা।

যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবি ‘পাঠান’। নামভূমিকায় বলিউডের বাদশা শাহরুখ খান। ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর প্রথম ছবি ‘পাঠান’। এই ছবির হাত ধরেই প্রায় বছর পাঁচেক পরে বড় পর্দায় ফিরছেন শাহরুখ। স্বভাবতই, অনুরাগীদের মধ্যে ‘পাঠান’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। টিকিটের দাম যাই-ই হোক, বাদশা- ভক্তদের মধ্যে তুঙ্গে টিকিটের চাহিদা। দিল্লিতে এক প্রেক্ষাগৃহে ২১০০ টাকায় বিক্রি হচ্ছে ‘পাঠান’ এর টিকিট। এত দামি টিকিট হওয়া সত্ত্বেও অগ্রিম বুকিংয়েই প্রায় হাউসফুল বেশির ভাগ প্রেক্ষাগৃহ। ছবিমুক্তির দিনে যে বক্স অফিসে যে বেশ বড় অঙ্কের ব্যবসা করতে চলেছে ‘পাঠান’, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

শুধু দিল্লিতেই নয়, মুম্বই ও কলকাতাতেও বিপুল অঙ্কে বিক্রি হচ্ছে ‘পাঠান’-এর টিকিট। মুম্বইয়ে ছবির টিকিটের সর্বোচ্চ দাম ১৫০০ টাকা ছুঁইছুঁই। সেই দামের টিকিটেও ছবি মুক্তির প্রথম দিনে হাউসফুল প্রেক্ষাগৃহ। কলকাতায় তুলনামূলক ভাবে টিকিটের দাম কম, তবে টিকিটের চাহিদা আকাশছোঁয়া। ৬৫০ টাকা মূল্যের টিকিটের বেশির ভাগ প্রেক্ষাগৃহই প্রায় কানায় কানায় ভর্তি।

গত ১০ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ ছবির ট্রেলার। ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাড়িয়া। ছবির পরিচালনায় ‘ওয়ার’, ‘ব্যাং ব্যাং’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বলিউডের বাদশার মোহ এমনই যে, বিশ্বের সর্বোচ্চ বহুতল, দুবাইয়ের বুর্জ খলিফায় ১৪ জানুয়ারি প্রদর্শিত হয় ‘পাঠান’-এর ট্রেলার। অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন শাহরুখ। ‘ঝুমে জো পাঠান’ গানের তালে পা মেলাতেও দেখা যায় বাদশাকে।

প্রসঙ্গত, ‘বেশরম রং’ গান মুক্তি পাওয়ার পর একাধিক বিতর্কের মুখোমুখি হতে হয় ছবির নির্মাতাদের। তবে বিতর্ক সত্ত্বেও যে শাহরুখ খানকে নিয়ে উদ্দীপনা এতটুকু কমেনি তাঁর অনুরাগীদের, টিকিটের চাহিদাতেই তা পরিষ্কার। বক্স অফিসে কত অঙ্কের ব্যবসা করে ‘পাঠান’, এখন সেটাই দেখার অপেক্ষা।

Pathaan Shah Rukh Khan Bollywood SRK
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy