ভারতীয় সঙ্গীতজগতে প্রায় দুই দশক ধরে অন্যতম নাম শ্রেয়া ঘোষাল। কিন্তু সম্প্রতি তিনি ইন্ডাস্ট্রি নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছেন। বলিউডের সেরা গানগুলির মধ্যে মেয়েদের গাওয়া গানের সংখ্যা এত কম কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গায়িকা।
এক পডকাস্টে কথা বলতে গিয়ে ভারতীয় সঙ্গীতে নারীদের অবস্থান নিয়ে নিজের মতামত জানান শ্রেয়া। ভারতের পরিস্থিতি নিয়ে শ্রেয়া বলেন, “এই অসমতা আসলে আমাদের সমাজের বাস্তবতারই প্রতিফলন।”
ভারতের সমাজব্যবস্থাকে ‘পিতৃতান্ত্রিক’ও বলেন তিনি। তাঁর কথায়, “সত্যি বলতে, ভারত একটু পিতৃতান্ত্রিক। অনুষ্ঠানের কথা বাদ দিন, চার্টে থাকা গানগুলো দেখুন। বলুন তো, কতগুলো গান মহিলা শিল্পীরা গেয়েছেন? খুবই কম। সেরা ৫০–এ গেলেও, হয়তো মাত্র ৬–৭টা গান গায়িকাদের। এতটাই অসমতা। আগে আমাদের দেশে এমন ছিল না। এটা এখনকার ব্যাপার।”
আরও পড়ুন:
তিনি দাবি করেন, আগে ভারতীয় সঙ্গীতে গায়িকাদের প্রভাব অনেক বেশি ছিল। উদাহরণ হিসেবে তিনি শিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের কথা বলেন।
শ্রেয়া বলেন, “লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের সময়টা দেখুন। তাঁরা পুরো যুগটাকে দারুণ ভাবে প্রভাবিত করেছিলেন। অনেক ক্ষেত্রে তাঁরা গায়কদের থেকেও এগিয়ে ছিলেন। বছরে তাঁরা অনেক বেশি গান গাইতেন। এখন সেটা বদলেছে। আমার মনে হয়, গত প্রায় ১০ বছর ধরে এই অবস্থা চলছে। তবে ধীরে ধীরে সবকিছু আবার পরিষ্কার হয়ে যাবে।”