প্রকাশ্যে এসেছে রাম হিসাবে রণবীর কপূরের বেশ। এ নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া ছড়িয়েছে। কেউ বলছেন, রণবীরের মুখে সারল্যের অভাব রয়েছে। কারও আবার মত, রাম হিসাবে রণবীরের সৌম্য শান্ত চেহারা যথাযথ। এর মধ্যেই আলোচনা শুরু হয়েছে, আর কোন কোন অভিনেতা রামের চরিত্রে মানানসই হতেন। আলোচনায় মুখ খুলেছেন সুশান্ত সিংহ রাজপুতের দিদি শ্বেতা সিংহ কীর্তি।
রণবীরের ‘লুক’ প্রকাশ্যে আসার পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বহু অভিনেতাকে রামের বেশে সাজিয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা। ছড়িয়ে পড়েছে রামের বেশে প্রয়াত অভিনেতা সুশান্তের ছবিও। গেরুয়া বস্ত্র, হাতে তির-ধনুক, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা— এমন সাজে সেই ছবিতে দেখা যাচ্ছে সুশান্তকে। ভাইকে এই ভাবে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন শ্বেতা। তাঁর দাবি, সুশান্তের মতো কাউকেই রাম হিসাবে মানাবে না।
সমাজমাধ্যমে সুশান্তের ছবি ভাগ করে নিয়ে শ্বেতা লিখেছেন, “রামের চরিত্রে ভাইকে দেখে সত্যি অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেন জানেন? কারণ রামজি শুধুই এক ব্যক্তি নন, তিনি মর্যাদার প্রতীক। মূল্যবোধ, সহানুভূতি, সম্মান, সাহস, সত্যতা, এবং সীতার প্রতি তাঁর প্রেম— এ সব কিছু নিয়ে তিনি রাম।”
আরও পড়ুন:
রাম হিসাবে সুশান্তকে দেখতে যথাযথ লাগছে বলে মনে করেন শ্বেতা। তবে শুধু রামের মতো ঐশ্বরিক চেহারাই নয়, চারিত্রিক দিক থেকেও বেশ কিছু মিল রয়েছে বলে মনে করেন শ্বেতা। তাই তাঁর বক্তব্য, “ভাইকে শুধু রামের মতো দেখতে ঐশ্বরিক লাগছে, এমন নয়। রামজির মধ্যে যে সাহস, একাগ্রতা, সারল্য ও পবিত্রতা রয়েছে, তা-ও ধরা পড়ছে ওর চোখেমুখে। এর থেকেই প্রমাণিত, আজকের দিনে ভাই যতটা সুন্দর করে রামের চরিত্র ফুটিয়ে তুলতে পারত, তা আর কেউ পারবে না।”
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের দেহ। তাঁর মৃত্যু নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।