সঞ্জয় দত্তের প্রথম সন্তান ত্রিশলা দত্ত। আমেরিকার বাসিন্দা সঞ্জয়-কন্যা পেশায় সাইকোথেরাপিস্ট। অনেক বছর ধরে বিদেশেই পাকাপাকি রয়েছেন তিনি। সম্প্রতি নিজের মনের কথা উজাড় করে দিলেন ত্রিশলা। মাত্র ৮ বছর বয়সে মাকে হারিয়েছেন। তখন নাকি পাশে পাননি বাবাকে। সঞ্জয়ের মেয়ে হওয়া কতটা কঠিন, জানালেন ত্রিশলা।
সঞ্জয় ও অভিনেত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশলা। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান রিচা। ত্রিশলা বড় হন দাদু-দিদার কাছে। পরে ক্যানসারে আক্রান্ত হন সঞ্জয়ও। আপাতত সুস্থ আছেন সঞ্জয়। তবু বড়মেয়ে সাধারণত লোকচক্ষুর আড়ালেই থাকেন। একটা সময়ে ত্রিশলার ইচ্ছে ছিল যে, অভিনেত্রী হবেন। কিন্তু, সঞ্জয় প্রথম থেকেই জানিয়ে দিয়েছিলেন যে, কোনও ভাবেই মেয়েকে এই পেশায় আসতে দেবেন না।
এ বার ত্রিশলা জানান, সারাজীবন নাকি নানা হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁকে। মা রিচার যখন ব্রেন টিউমার ধরা পড়ে, তখন তিনি একাই ছিলেন মায়ের কাছে। ত্রিশলার কথায়, ‘‘বাবা তখন কাজে ভীষণ ব্যস্ত। ভারতে কাজ করতেন। তবু প্রায়ই আমেরিকায় যাতায়াত করতেন। মায়ের মৃত্যু আমার জীবন পাল্টে দেয়। যন্ত্রণায় দিন কাটে।’’ তাঁর মায়ের মৃত্যুর পরে খাওয়াদাওয়ার সমস্যায় ভোগেন ত্রিশলা। স্কুলের সহপাঠীরা ত্রিশলার মা-বাবার কথা জানতে পারার পরে, তা নিয়েও সকলের প্রশ্নের মুখে পড়েন তিনি। রীতিমতো হেনস্থা হতে হয় ত্রিশলাকে।
ত্রিশলার কথায়, ‘‘জীবনের অনেক অভাব, খামতি পূরণ করতে বেশি বেশি খেতে শুরু করি। অতিরিক্ত খাবারের অভ্যাস আমার মধ্যের শূন্যতাকে পূরণ করত যেন। এই ভাবে আমি নিজেকে ধ্বংস করে ফেলছিলাম। তার পর স্কুলে এমন হেনস্থা হতে হচ্ছিল! একটা মানুষ পাইনি, যাকে ভরসা করতে পারি।’’ বড় হওয়ার পরেও কটাক্ষ যেন পিছু ছাড়ে না তাঁর। ৩৭ বছর বয়সেও ত্রিশলা অবিবাহিত। তা নিয়েও একাধিক প্রশ্নের মুখে পড়েছেন তিনি। তবে ত্রিশলা মনে করেন যে, এই খারাপগুলো তাঁর জীবনের অংশ।