Advertisement
E-Paper

বিশ্বের ৫০টি তপ্ত শহরের মধ্যে সবক’টিই ভারতে! শীর্ষে রয়েছে ওড়িশার বলাঙ্গির, তালিকায় রয়েছে আর কোন কোন শহর

তাপপ্রবাহের প্রভাব ওড়িশা, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা এবং মহারাষ্ট্র পর্যন্ত পড়বে। আবহবিদেরা তাপপ্রবাহের ওই বিস্তৃতিতে সুবিশাল ‘তপ্ত গম্বুজ’ বলে ব্যাখ্যা করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৭:৫১
গরমে পুড়ছে দেশের উত্তর থেকে পূর্বের রাজ্যগুলি। ছবি: পিটিআই।

গরমে পুড়ছে দেশের উত্তর থেকে পূর্বের রাজ্যগুলি। ছবি: পিটিআই।

উত্তর, মধ্য এবং পূর্ব ভারতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। দেশের বিস্তীর্ণ অঞ্চল যখন গরমে পুড়ছে, এই ‘তপ্ত’ পরিস্থিতির মধ্যে বিশ্বের যে ৫০টি তপ্ত শহরের তালিকা প্রকাশ হল শুক্রবার, দেখা গিয়েছে, সেই তালিকার সবক’টিই ভারতের। তার মধ্যে আবার বেশির ভাগই উত্তরপ্রদেশে। তবে এই তালিকার শীর্ষে রয়েছে ওড়িশার বলাঙ্গির। শুক্রবার ওই শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

একিউআই ডট ইন-এর তাপমাত্রার র‌্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের ৫০টি তপ্ত শহরের যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে সবক’টিই ভারতের। তালিকার বেশির ভাগই উত্তরপ্রদেশের। বারাণসী, বান্দা, বরেলী এবং অযোধ্যার মতো জায়গায় শুক্রবার দুপুরে তাপমাত্রা ছিল ৪২-৪৩ ডিগ্রির মধ্যে। ৫০টি তপ্ত শহরের মধ্যে তালিকায় রয়েছে উত্তরপ্রদেশে ২৬টি রয়েছে। তার মধ্যে প্রয়াগরাজের তাপমাত্রা সবেচেয়ে বেশি। ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এই তালিকায় রয়েছে ওড়িশা এবং মহারাষ্ট্রের দুই শহর। এ ছাড়াও হরিয়ানার পাঁচটি, ছত্তীসগঢ়ের পাঁচটি, বিহারের দু’টি। তেলঙ্গানার চারটি। মধ্যপ্রদেশের দু’টি, অন্ধ্রপ্রদেশের একটি এবং উত্তরাখণ্ডের একটি শহর রয়েছে এই তালিকায়।

তাপপ্রবাহের প্রভাব ওড়িশা, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা এবং মহারাষ্ট্র পর্যন্ত পড়বে। আবহবিদেরা তাপপ্রবাহের ওই বিস্তৃতিতে সুবিশাল ‘তপ্ত গম্বুজ’ বলে ব্যাখ্যা করেছেন। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে বেশ কয়েকটি শহরে সপ্তাহান্তে তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়াবে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৭ মে পর্যন্ত উত্তর-পশ্চিম, উত্তর, মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ গরমের এক নতুন নজির গড়েছিল ভারত। একিউআই ডট ইন-এর লাইভ তাপমাত্রার র‌্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০টি শহরের মধ্যে সব ক’টিই ছিল ভারতের। ওই তালিকায় ছিল নয়াদিল্লি, ফরিদাবাদ, চণ্ডীগড়, আগরা, অযোধ্যা, গ্বালিয়র, কোটা, রায়পুরের মতো তাপপ্রবাহের জন্য পরিচিত শহরের পাশাপাশি জম্মু এমনকি, উত্তরাখণ্ডে হিমালয়ের কোলের শহর হরিদ্বারও।

Weather Heatwave Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy