গত কয়েক দিনে ওটিটি-তে মুক্তি পেয়েছে বেশ কিছু ছবি ও সিরিজ়। তার মধ্যে ছিল বহুপ্রতীক্ষিত ছবি ‘কেনেডি’। সাড়া ফেলেছে ওয়েব সিরিজ় ‘কোহ্রা ২’। সিরিজ়ের শেষটা দেখে শিউরে উঠছেন দর্শক। ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে প্রিয়ঙ্কা চোপড়ার ছবি ‘দ্য ব্লাফ’। প্রশংসিত হচ্ছে দেশি গার্ল-এর অভিনয়। আগামী কয়েক দিনেও রয়েছে বেশ কিছু বহু প্রতীক্ষিত কনটেন্ট। এর মধ্যে থ্রিলার থেকে শুরু করে প্রেমের গল্প, সব স্বাদই রয়েছে।
১) অ্যাকিউস্ড: বেশ কিছু দিন ধরেই এই সাইকোলজিক্যাল থ্রিলারটি নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা ও প্রতিভা রান্টা। অনুভূতি কাশ্যপ পরিচালিত থ্রিলারটিতে এক চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন কঙ্কনা। ছবিতে এক নারীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। নেটফ্লিক্সে ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।
২) ব্রিজারটন (সিজ়ন ৪): এই ওয়েব সিরিজ়ের অনুরাগী অসংখ্য। নাটকীয় কায়দায় প্রেমকে তুলে ধরা হয়েছে প্রতিটি সিজ়নে। চতুর্থ সিজ়নের প্রথম অংশ মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। দ্বিতীয় ভাগ মুক্তি পাচ্ছে ২৬ ফেব্রুয়ারি। ২৬ ফেব্রুয়ারি চতুর্থ সিজ়নের দ্বিতীয় ভাগ মুক্তি পাচ্ছে।
৩) আবার প্রলয় ২: মুক্তির পরেই রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রলয়’ সাড়া ফেলেছিল। তার পরে সিরিজ় আকারে এসেছিল ‘আবার প্রলয়’। এ বার সেই সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন আসছে জ়িফাইভ বাংলায়। দ্বিতীয় সিজ়ন কবে আসবে, তা নিয়ে জল্পনা ছিল বহু দিনই। অবশেষে ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে দ্বিতীয় সিজ়ন। এ বার উঠে আসবে গ্যাংস্টারদের অপরাধের কাহিনি।
৪) ইক্কিস: ধর্মেন্দ্রের শেষ ছবি এটি। চলতি বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি। ১৯৭১ সালের প্রেক্ষাপটে এই ছবি তৈরি হয়। দ্বিতীয় লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের জীবন নিয়ে তৈরি এই ছবি। অ্যামাজ়ন প্রাইমে এই ছবি মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারি।
৫) ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার: প্রেক্ষাগৃহে আগেই মুক্তি পেয়েছিল লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো অভিনীত এই ছবি। এ বার ওটিটি-তে মুক্তি পেতে চলেছে। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি ২৭ ফেব্রুয়ারি জিয়ো হটস্টারে মুক্তি পেতে চলেছে।
৬) রোসলিন: মালয়ালি ছবির দর্শক এখন দেশ জুড়ে। বিশেষ করে, বেশ কিছু মালয়ালি থ্রিলার সাড়া ফেলেছে। এই ছবি ১৭ বছরের এক কিশোরীকে ঘিরে, যে স্বপ্নে দেখে, কেউ তাকে ধাওয়া করছে। সেই ব্যক্তির চোখ সবুজ রঙের। দুঃস্বপ্নের সেই ব্যক্তির মতোই একজন তার বাড়িতে এসে হাজির হয়। এই ছবিও জিয়ো হটস্টারে মুক্তি পাচ্ছে ২৭ ফেব্রুয়ারি।