E-Paper

সপ্তাহান্তে শিয়ালদহ থেকে বাতিল শতাধিক ট্রেন

শিয়ালদহ উত্তর এবং মেন শাখার কাঁকুড়গাছির কাছে তিন নম্বর রেল সেতুর গার্ডার পরিবর্তনের জন্যআপ এবং ডাউন লাইনে শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে পরের দিন দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০৭:৩৪

— প্রতীকী চিত্র।

রেলের সেতুর গার্ডার বদল ও পয়েন্ট রক্ষণাবেক্ষণের কাজের জন্য কাল, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদহ উত্তরএবং দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই কাজের জন্য উত্তর এবং মেন শাখা ছাড়াও দক্ষিণ শাখার প্রায় শতাধিক ট্রেনের চলাচল প্রভাবিত হবে।

শিয়ালদহ উত্তর এবং মেন শাখার কাঁকুড়গাছির কাছে তিন নম্বর রেল সেতুর গার্ডার পরিবর্তনের জন্যআপ এবং ডাউন লাইনে শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে পরের দিন দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই কাজ চলার ফলে শিয়ালদহ থেকে উত্তর, মেন এবং ডানকুনি শাখার বহু ট্রেনের চলাচল ব্যাহত হবে।

দ্বিতীয় ক্ষেত্রে বালিগঞ্জ স্টেশনে পয়েন্ট মেরামতির কাজের জন্য শনিবার রাত ১১টা ১০ মিনিটথেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত, অর্থাৎ ছ’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেলের পক্ষ থেকে যাত্রীদের পরিবর্তিত সূচি দেখে সফরের আর্জি জানানো হয়েছে।

রেল সূত্রের খবর, কাঁকুড়গাছির কাছে তিন নম্বর রেল সেতুর গার্ডারের মেয়াদ ফুরিয়েছে। তাই সুরক্ষাসংক্রান্ত কারণে অবিলম্বে ওই গার্ডার বদল করা জরুরি বলে জানিয়েছেন রেলের আধিকারিকেরা। ওই কাজের জন্য শনিবার এবং রবিবার শহরতলির বহু লোকাল ট্রেন বাতিল হওয়ার পাশাপাশি বনগাঁ শাখার বেশ কিছু ট্রেন দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত এবং শান্তিপুর-গেদে শাখার একাধিক ট্রেন ব্যারাকপুর, কল্যাণী ও নৈহাটি পর্যন্ত চালানো হবে। চালু থাকা ট্রেনগুলি যেখানে যাত্রা সম্পূর্ণ করবে, সেখান থেকেই আবার ছেড়ে যাবে।

কাল, শনিবার শিয়ালদহ উত্তর, মেন এবং ডানকুনি শাখায় ১৭টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ওই সব ট্রেনের মধ্যে নৈহাটি, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, কল্যাণী সীমান্ত এবং ডানকুনি রুটের লোকাল ট্রেন রয়েছে। একই ভাবে, শিয়ালদহ দক্ষিণে লক্ষ্মীকান্তপুর শাখায় এক জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। রবিবার শিয়ালদহ উত্তর, মেন এবং ডানকুনি শাখায়প্রায় ৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওই দিন শিয়ালদহ দক্ষিণে ৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

আগামী রবিবার শিয়ালদহ উত্তরের বনগাঁ শাখার একাধিক ট্রেন দমদম ক্যান্টনমেন্ট, গেদে শাখার ট্রেন ব্যারাকপুর, শান্তিপুর শাখার ট্রেন কল্যাণী, কৃষ্ণনগর সিটি লোকাল রানাঘাট, কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি পর্যন্ত চলবে। শিয়ালদহ দক্ষিণ শাখায় ওই দু’দিনে ১২০বি এবং ১২১এ পয়েন্ট বদল করা হবে।

শিয়ালদহ ডিভিশনের আধিকারিকেরা জানিয়েছেন, ওই কাজ চলাকালীন যাত্রীদের হয়রানি এড়াতে তাঁদের আগাম ট্রেনের সফরসূচি খতিয়ে দেখতে বলা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Local Trains Train Services Indian Railways Sealdah Division

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy