সমাজমাধ্যম প্রায়ই সরগরম থাকে উর্ফী জাভেদকে নিয়ে। ব্যতিক্রমী ব্যক্তিসত্তা ও পোশাকে চমক দিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন উর্ফী। ‘বিগ বস্’-এর ঘর থেকে দর্শকের নজর কাড়েন তিনি। তার পর একাধিক রিয়্যালিটি অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূ্র্তে কেরিয়ারে কঠিনতম সময় দেখছেন তিনি। অভিনেত্রী জানান, বার বার সকলের কাছে কাজের অনুরোধ করা সত্ত্বেও কাজ পাচ্ছেন না তিনি। এমনিতেই উর্ফীর ঠোঁটকাটা বলে দুর্নাম রয়েছে। বলিউডে বিশেষ কোনও বন্ধু নেই তাঁর। একসময় শিল্পা শেট্টীর স্বামীকে ‘পর্ন কিং’ তকমা দেন। তবে রাজ কুন্দ্রার বাড়িতে যাওয়ার পর কেমন আতিথেয়তা পান, জানালেন উর্ফী?
আরও পড়ুন:
বছরকয়েক আগে পর্ন-কাণ্ডে নাম জড়ায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রার। হাজতবাস হয় তাঁর। এক সময় মাস্কে মুখ ঢেকে ঘুরতে হয়েছিল রাজকে। বলিউডের প্রাপ্তবয়স্কদের ছবির তারকারা রাজের নামে নানা অভিযোগ এনেছিলেন তখন। যদিও রাজকে নিয়ে কটুকথা শুনতে নারাজ উর্ফী। বছর তিনেক আগে অবশ্য অন্য মত ছিল রাজকে নিয়ে তাঁর। রাজও সে সময়ে অভিনেত্রীর পোশাক নিয়ে কটু মন্তব্য করেন। এ দিকে উর্ফী রাজের প্রসঙ্গে বলেছিলেন, ‘‘অন্যদের নগ্ন করে টাকা রোজগার করে যে, সেই ‘পর্ন কিং আমার পোশাক নিয়ে মন্তব্য করবে!’’ কিন্তু সে সব তিক্ততা এখন অতীত। উর্ফী জানান, বছর তিনেক আগে রাজের বাড়িতে গিয়েছিলেন তিনি। স্বামী হিসাবে অত্যন্ত ভাল ও ভদ্র রাজ।
উর্ফীর কথায়, ‘‘রাজ আমাকে নিয়ে ঘরে যাওয়ার আগেও শিল্পার থেকে অনুমতি নেন। উনি কিছু একটা দেখাতে চেয়েছিলেন, তার জন্য শিল্পার অনুমতি নেন। খুব ভদ্র ও বিনয়ী মানুষ। শিল্পাও খুব ভাল। কত রকমের খাবারের আয়োজন করেছিলেন আমার জন্য। আমাকে বসিয়ে খাওয়ালেন। আমার সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করলেন। অত্যন্ত মার্জিত দম্পতি।’’