Advertisement
E-Paper

‘বিয়ের পরে উত্তেজনা থাকে না’, স্ত্রীকে নিয়ে মশকরা? কটাক্ষে অবশেষে জবাব দিলেন ভিকি

এক বিয়েবাড়িতে গিয়ে ভিকি কৌশল বলেছিলেন, ‘বিয়ের পরে উত্তেজনা কমে যায়’। এই মন্তব্যের জন্য কটাক্ষ শুনতে হয়েছিল অভিনেতাকে। অবশেষে উত্তর দিলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ২০:৫৭
ক্যাটরিনাকে নিয়ে মশকরা করেছিলেন ভিকি?

ক্যাটরিনাকে নিয়ে মশকরা করেছিলেন ভিকি? ছবি: সংগৃহীত।

ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের রসায়ন পছন্দ করেন অনুরাগীরা। কিন্তু মাস কয়েক আগে স্ত্রীকে নিয়ে ভিকির একটি মশকরা মোটেই ভাল ভাবে নেননি তাঁরা। এক বিয়েবাড়িতে গিয়ে ভিকি বলেন, ‘বিয়ের পরে উত্তেজনা কমে যায়’। এই মন্তব্যের জন্য কথা শুনতে হয় তাঁকে। অবশেষে উত্তর দিলেন বলি অভিনেতা।

মানুষ কী ভাবে তাঁর মন্তব্যের ব্যাখ্যা করবে, তার উপরে কোনও নিয়ন্ত্রণ থাকে না। জানান ভিকি। সেই সঙ্গে তিনি বলেন, “‘পাবলিক ফিগার’ মানেই আমি যে ভুলত্রুটিহীন মানুষ, এমন ভাবার কোনও মানে নেই। মাঝেমধ্যে আমাদেরও সমালোচনা প্রয়োজন। সেখান থেকেই আমি হয়তো কিছু শিখলাম। মানুষ ভালবাসা দিচ্ছে যখন, দায়িত্ব তো আছেই।”

এখানেই শেষ নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, “আমি খুব ভেবেচিন্তে আমার পেশা নির্বাচন করেছি। আমি এখানেই আসতে চেয়েছিলাম। আর ব্রহ্মাণ্ড আমার প্রার্থনায় সাড়া দিয়েছে। এ বার এই খ্যাতি আমি কী ভাবে সামাল দেব, তা আমারই উপর। গঠনমূলক সমালোচনা হলে তো অবশ্যই সেখান থেকে কিছু শিখব।”

বিতর্ক কী নিয়ে?

‘উরি’ ছবিতে জনপ্রিয় হয়েছিল ভিকির ‘হাউ ইজ় দ্য জোশ’ সংলাপ। সেই বিয়ের অনুষ্ঠানে ভিকির ‘হাউ ইজ় দ্য জোশ?’ প্রশ্নে একজন জানান, তাঁর জীবনে উত্তেজনা বা ‘জোশ’ বেশ তীব্রই আছে। সেই শুনে ভিকি বলেন, “আমি দেখেছি অবিবাহিতদের ‘জোশ’ সব সময়ে বেশিই থাকে। আমাদের বিবাহিতদের ‘জোশ’ বছরের পর বছর কেবল কমতেই থাকে।” এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত।

এক নেটাগরিক কটাক্ষ করেছিলেন, “২০২৬ সালেও একজন এই ধরনের রসিকতা করছেন! কী অদ্ভুত! পুরুষদের এই ধরনের রসিকতা থেকেই বোঝা যায় তাঁরা আসলে নারীবিদ্বেষী।” অবশেষে ভিকি স্পষ্ট করে দিয়েছেন, তিনি এই সমালোচনা ইতিবাচক ভাবেই গ্রহণ করেছেন।

Vicky Kaushal Katrina Kaif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy