দিনকয়েক আগেই জার্মান নেটপ্রভাবী লিৎজ়ালাৎজ়ের ছবি ‘লাইক’ করে বসেন বিরাট কোহলি। তবে এটা প্রথম নয়, এর আগে পঞ্জাবি অভিনেত্রী অবনীত কৌরের ছবিতেও ‘লাইক’ করেছিলেন ক্রিকেটতারকা। বার বার সুন্দরীদের ছবিতে বিরাটের ‘লাইক’! অনুরাগীরা ধরেই নেন যে, বিরাটের উপর নিশ্চয়ই বেজায় রেগে রয়েছেন অনুষ্কা শর্মা। এই আলোচনার মাঝেই জনসমক্ষে ধরা দিলেন বিরাট ও অনুষ্কা।
বেঙ্গালুরু থেকে দিল্লি আসার পথেই ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হয়েছেন ‘বিরুষ্কা’ জুটি। কখনও চলন্ত সিঁড়িতে, কখনও আবার বিমানবন্দর থেকে বার হওয়ার সময় ক্যামেরাবন্দি তারকাজুটি। ‘লাইক’-কাণ্ডের পরে প্রকাশ্যে স্বামী-স্ত্রীকে একসঙ্গে দেখা যেতেই নিমেষে ছড়িয়ে পড়ে সেই ছবি-ভিডিয়ো। যে বিষয়টি সকলের নজর কেড়েছে, বিরাটের হাতে অনুষ্কার ব্যাগ। ঠিক যেন বাধ্য স্বামীর মতো স্ত্রীর ব্যাগ বইছেন তিনি।
বিরাট ও অনুষ্কা ক্যামেরাবন্দি। ছবি: সংগৃহীত।
তবে এই ছবি দেখে অনুরাগীদের একটা বড় অংশের দাবি, ‘স্ত্রীর মান ভাঙাচ্ছেন বিরাট’। কেউ কেউ অবশ্য এখানেও আঙুল তুলেছেন অনুষ্কার দিকে। অনেকের ধারণা, স্বামীর ভাবমূর্তি উজ্জ্বল করতেই হয়তো বিমানবন্দরে নিজেদের ক্যামেরাবন্দি করার অনুমতি দিয়েছেন অনুষ্কা। কারণ, সাধারণত আলোকচিত্রীদের খানিক এড়িয়েই যান তিনি। ছবি না তোলার অনুরোধও করেন। এ বার অবশ্য তেমন কিছু করতে দেখা যায়নি তারকাদম্পতিকে।
বিরাট যে জার্মান সুন্দরীর ছবিতে ‘লাইক’ দিয়ে ফের ‘আনলাইক’ করে দেন, তাতে তিনি নাকি বেশ দুঃখ পেয়েছেন। নেটপ্রভাবীর কথায়, “না, আসলে ওঁর জন্যই আমার দুঃখ হচ্ছে। ছবিটা ‘লাইক’ করে ‘আনলাইক’ করেছেন দেখে ওঁর জন্যই খারাপ লাগল। বুঝতে পারছি না, এটা এত বড় ঘটনা কেন হয়ে গেল! কী করে যে লোকের চোখে পড়ল, আর খবর হয়ে গেল! আমার মনে হয় না এমন কোনও বড় ঘটনা এটা বা ওঁর কোনও অন্য উদ্দেশ্য ছিল এর নেপথ্যে।”