Advertisement
E-Paper

আরজি কর মামলা খুলল, অভিনেত্রীদের সুরক্ষার দিকটিও দেখা হবে? মুখ্যমন্ত্রীকে আবেদন টলিউডের

বিধায়ক-অভিনেত্রী পাপিয়া অধিকারী আশ্বাস দিয়েছেন, মহিলা শিল্পীদের নিরাপত্তার দিকটি দেখা হবে। সেই আবেদনই নতুন মুখ্যমন্ত্রীর কাছে জানাতে পারেন টলিউডের অভিনেত্রীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৬:০০
অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে ফের সরব হবেন টলিউডের খ্যাতনামীরা?

অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে ফের সরব হবেন টলিউডের খ্যাতনামীরা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বুধবার টেকনিশিয়ান স্টুডিয়োয় পা রেখেই বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী আশ্বাস দিয়েছেন, রাত করে শুটিং শেষ হলে বাড়ি পৌঁছে দিতে হবে মহিলা শিল্পীদের। তারও আগে আরজি কর মামলা নতুন করে খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দুই ঘটনায় আশান্বিত বাংলা বিনোদনদুনিয়ার অভিনেত্রীরা। রূপাঞ্জনা মিত্র যেমন আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, অভিনেত্রীদের সুরক্ষার বিষয়টি যাতে গুরুত্ব নিয়ে দেখা হয়, সেই আবেদন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে করতে চলেছেন টলিউডের অভিনেত্রীরা।

সাল ২০২৪-এর অগস্ট। কর্মরত অবস্থায় আরজি কর হাসপাতালে ধর্ষণের পর মৃত্যু হয় তরুণী পড়ুয়া চিকিৎসকের। এই অঘটন নতুন করে প্রশ্ন তুলে দিয়েছিল, কর্মস্থলে নারী কি তা হলে আদৌ সুরক্ষিত? এই প্রশ্ন বিচলিত করেছিল টলিউডের অভিনেত্রীদেরও। কারণ, শুটিং করতে গিয়ে নানা সময়ে যৌন হেনস্থার শিকার হন মহিলা এবং শিশুশিল্পীরা। দু’বছর আগে, আরজি কর কাণ্ডের আবহে টলিউডের খ্যাতনামী মহিলা ব্যক্তিত্বরা গঠন করেছিলেন একটি কমিটি। নাম ‘উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স’। ১০০ মহিলা খ্যাতনামীর সই সংবলিত একটি আবেদন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করেছিল এই কমিটি। অভিনেত্রীদের নিরাপত্তা চেয়ে সেই আবেদনে কয়েক দফা দাবি জানানো হয়েছিল। কমিটির মুখপাত্রেরা দেখা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও। তাঁদের সেই আবেদন গ্রাহ্য হয়নি। ধামাচাপা পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রির নারীদের নিরাপত্তার বিষয়টি।

সদ্য প্রকাশ্যে এসেছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর অভিযোগ, তাঁকে যৌন হেনস্থা করেছেন পরিচালক। এর আগেও একাধিক পরিচালক এবং প্রযোজকের অশালীন আচরণের কথা ছড়িয়েছে টলিউডে। দেবালয়-অঙ্কিতার বিষয়টিই কি নতুন ভাবে ভাবতে বাধ্য করল? আনন্দবাজার ডট কম প্রশ্ন করেছিল চৈতি ঘোষাল, ঋতুপর্ণা সেনগুপ্ত, উষসী রায়, রূপাঞ্জনাকে। কী বলছেন তাঁরা?

ঋতুপর্ণা এই মুহূর্তে তাঁর নতুন বাংলা ছবির শুটিংয়ে ব্যস্ত। তারই ফাঁকে তিনি বললেন, “অবশ্যই বিষয়টি নতুন মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা উচিত। অভিনেত্রীরা যে কোনও সময়ে কলটাইম পান। অনেক সময়ে ভোররাতে শুটে বেরোতে হয়। আবার শুট শেষ হতে অনেক রাত হয়ে যায়।” ঋতুপর্ণার মতে, শুধুই অভিনয়দুনিয়ায় নয়, অন্যান্য কর্মস্থলেও হেনস্থার শিকার হয় নারী। তাই তিনি সব নারীর সুরক্ষা জোরদার হোক, এই আবেদন জানাবেন মুখ্যমন্ত্রীকে। তাঁর কথায়, “আমি যেহেতু অভিনেত্রী, তাই আমার পেশার সঙ্গে যুক্ত মহিলাদের সুরক্ষার বিষয়টির উপরে আগে জোর দেব।”

তখনও অগ্নিমিত্রা রাজনীতিতে আসেননি। তখন থেকেই তাঁর সঙ্গে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে আলোচনা হত চৈতির। অভিনেত্রী-পরিচালকের কথায়, “অগ্নিমিত্রা এই সব বিষয়ে খুবই সরব এবং সজাগ। উনি এখন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। তাই ওঁর সঙ্গে আমাদের কমিটির কথা, টলিউডে কাজ করতে আসা মহিলা অভিনেত্রীদের সুরক্ষার কথা আলোচনা করা উচিত।” চৈতি এ-ও জানান, দীর্ঘ দিন ইন্ডাস্ট্রিতে থাকার সুবাদে তিনি জানেন, কী ধরনের হেনস্থার মুখোমুখি পড়তে হয় অভিনেত্রীদের। শুধুই যৌন হেনস্থা নয়, প্রাণের ঝুঁকি নিয়েও শুটিং করতে হয় সবাইকে। সেই দিকটিও দেখার অনুরোধ জানিয়েছেন চৈতি।

অভিনেত্রীদের যৌন হেনস্থার প্রসঙ্গ তুলতেই ছোটপর্দার জনপ্রিয় নায়িকা উষসী বললেন, “আমরা কমবেশি সবাই জানি, ইন্ডাস্ট্রিতে কী কী ঘটে। তাই নতুন যাঁরা কাজে আসছেন, তাঁদের সুরক্ষিত রাখতেও পুরনো কমিটি নতুন করে গঠন হলে ভাল হয়।” এই আশা নিয়েই রূপাঞ্জনারা নতুন করে আবেদন জানাতে চলেছেন মুখ্যমন্ত্রীর কাছে। অভিনেত্রী জানিয়েছেন, কোনও রাজনৈতিক মঞ্চ থেকে নয়, সচেতন নাগরিক হিসাবে নারী তার সুরক্ষা চাইতেই পারে। এটি তার জন্মগত অধিকার। সেই অধিকার এবং সচেতনতাবোধ থেকেই টলিউডের ‘নারীবাহিনী’ আগামী দিনে মুখ্যমন্ত্রী এবং নারী ও শিশুকল্যাণ বিভাগের মন্ত্রীর সঙ্গে মুখোমুখি বসার আশায় রয়েছেন।

Rituparna Sengupta Chaiti Ghoshal Rupanjana Mitra Ushashi Ray Agnimitra Paul
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy