অফিসের কাজের চাপে একটু সতেজ হতে চা-কফিই খান নিশ্চয়ই। তবে এই গরমে যদি কেউ গরম পানীয় এবং ক্যাফিন দুই-ই বাদ দিতে চান,তবে কিছু খুব চেনা দিশি পানীয়েও মেজাজ খোলতাই হতে পারে। একই সঙ্গে শরীর থাকবে ঠান্ডা।
১. দইয়ের ঘোল
এটি দুপুরের খাবারের পর বা বিকালের ব্রেকে সেরা। দইয়ের সাথে জল, বিট নুন, ভাজা জিরে গুঁড়ো এবং সামান্য ধনেপাতা কুচি মিশিয়ে তৈরি এই পানীয়টি পেটের জন্য খুব উপকারী। এটি হজমে সাহায্য করে এবং শরীরে চটজলদি প্রশান্তি আনে।
২. ডাবের জল
সবচেয়ে বেশি স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক বিকল্প। এতে কোনও কৃত্রিম চিনি থাকে না। এতে থাকা ইলেকট্রোলাইট শরীরের ক্লান্তি দূর করে এবং এনার্জি ফিরিয়ে আনে।
৩. লেবুর শরবত
সামান্য চিনি, বিট নুন আর লেবুর রস দিয়ে তৈরি এই শরবতের কোনও জুরি নেই। চাইলে এতে সামান্য চাট মশলা বা পুদিনা পাতা যোগ করতে পারেন। এতে থাকা ভিটামিন সি তৎক্ষণাৎ মন ভালো করে দেয় এবং তরতাজাও বোধ হয় খেলে।
৪. বেলের শরবত
গরমের সময় অফিসের ব্রেকে বেলের শরবত দারুণ কাজ করে। এটি পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসাবেও কাজ করে এবং দীর্ঘ সময় চনমনে রাখে শরীরকে।
৫. ছাতুর শরবত
যদি কাজের চাপে খিদে অনুভব করেন, তবে ছাতুর শরবত সেরা । ঠান্ডা জলে ছাতু, লেবুর রস, বিট নুন আর কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে এটি তৈরি করতে পারেন। লেবু না পেলে শুধু জিরের গুঁড়ো আর বিটনুনও যথেষ্ট। এটি প্রোটিনে ভরপুর এবং পেট অনেকক্ষণ ভর্তি রাখে, ফলে বাজে খাবার খাওয়ার ইচ্ছে কমে যায়।