Advertisement
E-Paper

ডায়েটের ভুলেই ডায়াবেটিকদের কিডনির অসুখের ঝুঁকি বাড়ে, খাদ্যতালিকায় কোন বদল জরুরি

বিশ্ব জুড়ে বেড়ে চলা কিডনির অসুখের নেপথ্যে একটি বড় কারণ হল ডায়াবিটিস। কিডনি ভাল রাখতে ডায়াবেটিকদের কোন কোন খাবার বাদ দেওয়া দরকার, তাঁরা কী খাবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৮:৫৩
5 Essential Dietary Changes to Prevent Diabetic Kidney Disease

ডায়াবেটিকেরা কী ভাবে কিডনি ভাল রাখবেন? ছবি: সংগৃহীত।

ডায়াবিটিস এমন এক অসুখ, যা নিঃশব্দে শরীরের প্রতিটি প্রত্যঙ্গকে নষ্ট করতে পারে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারলে সেই ক্ষতি রোখা অসম্ভব। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের একাধিক তথ্যে প্রকাশ, বিশ্ব জুড়ে বেড়ে চলা কিডনির অসুখের নেপথ্যে একটি বড় কারণই হল ডায়াবিটিস। তার কারণ, রক্তে থাকা শর্করা শরীরে ছাঁকনির কাজ করা কিডনির সূক্ষ্ম নালিগুলিকে নষ্ট করে ফেলে। ফলে, কিডনি রক্ত থেকে দূষিত পদার্থ বার করতে না পারায় শুরু হয় সমস্যা।

হায়দরাবাদের কিডনির রোগের চিকিৎসক অশ্বিনীকুমার পাণিগ্রাহীর কথায়, ‘‘খাদ্যাভ্যাসের ভুলেই কিডনির সমস্যা বহু গুণ বেড়ে যায়। অতিরিক্ত নুন, চিনি, প্রক্রিয়াজাত খাবার প্রত্যঙ্গটির জন্য অত্যন্ত ক্ষতিকর।’’

ডায়াবেটিকেরা কী ভাবে কিডনি ভাল রাখবেন?

রিফাইন্ড কার্বোহাইড্রেট: সুগারে চিনি বাদ সকলেই জানেন। তবে মিষ্টি বাদ দিলে বা কম খেলেও রক্তে শর্করা বেড়ে যেতে পারে খাদ্যাভ্যাসের ভুলে। ময়দা, পাস্তা, নুড্‌লস, সাদা পাউরুটি, চিপ্‌স এই ধরনের রিফাইন্ড কার্বোহাইড্রেট খাবার থেকেও রক্তে শর্করার মাত্রা বাড়ে দ্রুত। দীর্ঘ সময় ধরে ডায়াবিটিস নিয়ন্ত্রণে না থাকলে কিডনি বিকল হওয়ার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ।

জল কম খাওয়া: অতিরিক্ত জল খেলে যেমন হার্ট-কিডনিতে চাপ পড়তে পারে, তেমন জল কম খেলেও কিডনির কার্যক্ষমতা কমতে পারে। রক্তে থেকে দূষিত পদার্থ বার করে দেওয়ার কাজটি করে কিডনি। এ জন্য পর্যাপ্ত জল খাওয়া জরুরি। জল কম খেলে রক্তে শর্করার মাত্রা আরও বেড়ে যেতে পারে।

নুন: ডায়াবিটিসে চিনি খাওয়ায় বিধিনিষেধ থাকলেও, নুন নিয়ে তেমন আলোচনা হয় না। তবে কিডনি বিকল করতে পারে অতিরিক্ত নুন। চিপ্‌স, বাজারচলতি নোনতা খাবার, পাঁপড়, আচার— এমন অনেক খাবারেই বাড়তি নুন থাকে। ডায়াবিটিসে যেহেতু কিডনি বিকল হওয়ার ঝুঁকি বেশি, তাই ডায়াবেটিকদের এ নিয়ে বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন।

প্রোটিন: ডায়াবেটিকদের ডায়েটে ফাইবারের পাশাপাশি প্রোটিনও জরুরি। প্রোটিন পেশি সবল রাখতে, শক্তি জোগাতে সাহায্য করে। তবে প্রোটিনের মাত্রা বেশি হলে কিডনিতেও চাপ পড়ে। তাই প্রোটিন খেলেও তার মাত্রা ঠিক রাখা দরকার। বিশেষত কিডনির সমস্যা ধরা পড়লে আরও সতর্ক হতে হবে।

সুষম ডায়েট এবং পরিমিত আহার: ডায়াবেটিকদের খাদ্যতালিকা থেকে বাদ যায় অনেক কিছুই। তবে যে খাবারগুলি খাওয়ার অনুমতি আছে, তাতে যেন সুষম পুষ্টি মেলে, তা দেখা দরকার। কোনও সময় বেশি খাওয়া, কখনও খাবার বাদ দেওয়া— এই ধরনের অভ্যাস ডায়াবিটিসে বেশি মাত্রায় ক্ষতিকর। তা ছাড়া সঠিক ডায়েট শুধু ডায়াবিটিস নিয়ন্ত্রণে নয়, কিডনি ভাল রাখতেও সাহায্য করে। টাটকা শাকসব্জি, ফল পাতে রাখা দরকার। এড়াতে হবে প্রক্রিয়াজাত খাবার, ভাজাভুজি। মদ্যপান, ধূমপানও ক্ষতিকর।

Kidney Diseases Diabetic Patient Diabetic Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy