Advertisement
E-Paper

ভাল থাকবে হার্ট, কমবে প্রদাহ, ভাতের পাতে থাক ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর চাটনি

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর চাটনি। চেনা আম বা টম্যাটোর চাটনির বদলে খানিক ভিন্ন স্বাদের এই খাবার কেন রাখবেন খাদ্যতালিকায়।

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৭:৫৫

শরীর ভাল রাখতে পুষ্টিগুণে ভরপুর বীজের কদর বাড়ছে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর বীজ শুধু হার্টের স্বাস্থ্য ভাল রাখে না, কমায় প্রদাহও। তা ছাড়া এতে রয়েছে নানা ধরনের খনিজও। স্মুদি কিংবা স্যালাডে রকমারি বীজ ছড়িয়ে খাওয়ার চল আছে। কিন্তু সে সব কি আর রোজ ভাল লাগে? তার চেয়ে বরং ভাতের পাতে রাখতে পারেন বীজের চাটনি। নিয়ম করে ১-২ চামচ খেলেই শরীর পাবে প্রয়োজনীয় পুষ্টিগুণ। এ জন্য লাগবে তিসির বীজ, তিল, মেথি, শুকনো নারকেল, কারিপাতা, হিং।

চাটনি দেখতে হবে এমনই, গুঁড়ো গুঁড়ো।

চাটনি দেখতে হবে এমনই, গুঁড়ো গুঁড়ো।

তিসি বা ফ্ল্যাক্সসিড হল ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস। এ ছাড়া তিসির বীজে রয়েছে আলফা লিনোলেনিক অ্যাসিড, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে সামগ্রিক ভাবে হৃদ্‌যন্ত্র ভাল রাখে। তিসির বীজে ফাইবার থাকে। ডায়াবেটিকেরাও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই বীজ খেতে পারেন। তা ছাড়া এই বীজ অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর।

ক্যালশিয়াম, ফসফরাসের মতো খনিজ এবং প্রয়োজনীয় বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিড্যান্টও রয়েছে তিলের মধ্যে। কালো হোক বা সাদা— দুই ধরনের তিলেই ‘সিস্যামোলিন্‌স’ এবং ‘সেসামিন’ নামক অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে যথেষ্ট পরিমাণে। তিল হার্টের জন্যও ভাল।

Advertisement

২ টেবিল চামচ তিসি, ২ টেবিল চামচ সাদা তিল, ১ টেবিল চামচ কালো তিল শুকনো খোলায় নাড়িয়ে নিন। বীজ সরিয়ে কড়াইয়ে দিন শুকনো নারকেল, হালকা ভেজে নিন। কড়াইয়ে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা, কারিপাতা, হিং, মেথি দানা ফো়ড়ন দিন। এবার বীজ আর ফোড়নের উপকরণ একসঙ্গে মিক্সারে ঘুরিয়ে নিন। চাটনি বলতে যে তরল বা ঘন পদটিকে বোঝায়, এটি তেমন হবে না। বরং এটি হবে গুঁড়ো গুঁড়ো।

ভাত-ডালের সঙ্গে বা রুটির সঙ্গেও এমন চাটনি খাওয়া যায়। অ্যান্টি-অক্সিড্যান্ট, ওমগো থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায়, তা ত্বকের জন্যেও ভাল। বেশি নয়, সপ্তাহে ২-৩ দিন ১-২ টেবিল চামচ খেলেই চলবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy